ওঙ্কার ডেস্ক: তিন বছর ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ। দুই দেশের মধ্যে যাতে সংঘর্ষ বন্ধ হয় সে জন্য আগেই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘর্ষ থামাতে এবার কড়া হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত না বন্ধ হলে মস্কোর বন্ধু দেশগুলির পণ্যের উপর ১০০ শতাংশ হারে শুল্ক চাপানো হবে। এর এই যুদ্ধ থামাতে তিনি ৫০ দিনের সময় বেঁধে দিয়েছেন।
সোমবার নেটোর মহাসচিব মার্ক রাটের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়। ট্রাম্প ঘোষণা করেন নেটোর সদস্য দেশগুলি ইউক্রেনকে আরও বেশি অস্ত্র পাঠাবে। তবে ঠিক কী ধরণের অস্ত্র পাঠানোর কথা বলেছেন ট্রাম্প, তা স্পষ্ট নয়। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ট্রাম্পের এই হুঁশিয়ারির আওতায় পড়তে পারে ভারতও। কারণ রাশিয়া থেকে তেল আমদানি করে নয়াদিল্লি। ২০২৩ সালের হিসেব অনুযায়ী, রাশিয়া থেকে নয়াদিল্লি ৩৫ শতাংশ অপরিশোধিত তেল কিনেছে।
উল্লেখ্য, এর আগে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি মার্কিন বিরোধী নীতি নিলে দেশগুলির পণ্যের উপর বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করার হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বার বার যে কোনও কারণে ট্রাম্প যে ভাবে শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিচ্ছেন, গোটা বিষয়টিকে ভাল ভাবে নিচ্ছে না বহু দেশ। অনেকে ট্রাম্পের এই বাড়াবাড়িকে বাণিজ্য যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন।
