ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা করেছেন ভারতের পণ্যে ২৫ শতাংশ হারে শুল্ক চাপানো হবে বলে। ট্রাম্পের এই ঘোষণার পরে ধস নামল ভারতের শেয়ারে বাজারে। বৃহস্পতিবার ভারতীয় শেয়ার নাজারে ১৫ মিনিটের মধ্যে উধাও হয়ে গিয়েছে ৫ লক্ষ কোটি টাকা।
বাজার পর্যবেক্ষকদের মতে, এদিন শুরু থেকেই বাজারে লাল সঙ্কেত দেখা যায়। তার পর হু-হু করে নামতে থাকে ধস। মাত্র ১৫ মিনিটে বিনিয়োগকারীরা হারান ৫ লক্ষ কোটি। মার্কিন শুল্কনীতির কারণেই এদিন এই বিশাল পতন বলে মনে করা হচ্ছে। এদিন ২০০ পয়েন্টেরও বেশি পতন হয়েছে নিফটির। সেনসেক্স এ পতন হয়েছে ৭৫০ পয়েন্টেরও বেশি। নিফটি ব্যাঙ্ক প্রায় ৩০০ পয়েন্ট, নিফটি আইটি ২১৫ পয়েন্ট এবং এফএমসিজি ৩০০ পয়েন্টেরও বেশি পতন হয়েছে। টাটা মোটরস, ভারতী এয়ারটেলের মত কোম্পানির শেয়ারে পতন হয়েছে এদিন।
বৃহস্পতিবার সকাল ৯.২০ নাগাদ বিএসই সেনসেক্স ৫০০ পয়েন্ট কমে ৮১,০০৬.৬৫ এ এবং নিফটি ১৬০ পয়েন্ট কমে ২৪৬৮৮ এ লেনদেন করছে। বম্বে স্টক এক্সচেঞ্জের শীর্ষ ৩০টি কোম্পানির মধ্যে ২৬টি কোম্পানির শেয়ারের দাম পড়েছে এদিন। যার মধ্যে রয়েছে টাটা মোটরস, আরআইএল, এমঅ্যান্ডএম এবং ভারতী এয়ারটেল। তবে ৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে জোমাটোর। উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে জল্পনা চলছিল ভারতের পণ্যে শুল্ক চাপাতে পারে ওয়াশিংটন। সেই জল্পনার অবসান ঘটিয়ে বুধবার ভারতীয় পণ্যে ২৫ শতাংশ হারে শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
