ওঙ্কার ডেস্ক: জাতীয় পতাকা হাতে শুক্রবার প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তার আগেই দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাড়িতে পৌঁছে গেল দিল্লি পুলিশ। শুক্রবারের প্রস্তাবিত ‘তিরঙ্গা যাত্রা’ না করার বার্তা দিতেই পুলিশের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদের পরিকল্পনা করেছিল সিজেপি।
ককরোচ জনতা পার্টির ডাকে সাধারণ মানুষ ও সমর্থকদের শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়েছিল। সেখানে জাতীয় পতাকা হাতে প্রতিবাদ কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু তার আগেই পুলিশের নোটিস ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদের ডাকে কেন আপত্তি? মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি দলের দুই সদস্যের গ্রেফতারিও এই প্রতিবাদের অন্যতম কারণ। সিজেপির সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা গত ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে যন্তর মন্তরে প্রবেশ করেছিলেন। তার এক দিন আগেই ওই ঐতিহাসিক স্থানটিকে প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এর পর দু’জনকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁদের পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
এ দিকে, শুক্রবার ও শনিবার প্রশাসনিক কারণে সেন্ট্রাল পার্ক সাধারণ মানুষের জন্য বন্ধ রাখার কথা জানিয়েছে নয়াদিল্লি পুর পরিষদ (এনডিএমসি)। অন্য দিকে, দিল্লি পুলিশের বক্তব্য, নির্দিষ্ট কয়েক জনকে উপযুক্ত কোনও জায়গায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়ার সুযোগ করে দেওয়া যেতে পারে