প্রদ্যুৎ দাস, জলপাইগুড়ি: থিমের নকশা, ঝলমলে রঙিন নেই। তবু যা আছে, তাই ঢের। নিয়ম-নিষ্ঠা আর ভক্তিতেই দেবীর আরাধনা চলছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। ষষ্ঠীর সকাল থেকেই দুর্গাপুজোর আবহ তৈরি হয়েছে এলাকায়। ধর্মীয় রীতি মেনে শুরু হয়েছে ষষ্ঠীর পুজো, মন্ত্রোচ্চারণ।
প্রতি বছরের মতো এবারও কোনও বাহ্যিক আড়ম্বর ছাড়াই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করেছে মিশন। শান্ত, স্নিগ্ধ পরিবেশে চলছে দেবী দুর্গার আরাধনা। সেই শান্ত পরিবেশে দেবীর দর্শন পেতে সকাল থেকেই আশ্রমে আসছেন ভক্ত ও দর্শনার্থীরা।
এই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ কুমারী পুজো। দেবী দুর্গার জীবন্ত রূপ হিসেবে কুমারীকে পুজো করার এই বিশেষ রীতি দেখতে প্রতি বছরই দূরদূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান।
ঢাকের বাদ্যি, মন্ত্রপাঠ আর ভক্তদের প্রার্থনা মিলিয়ে এক অন্যরকম আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে। আলোর রোশনাই আর থিমের ভিড় থেকে দূরে, এখানে পুজোর মূল টানই হল ধর্মীয় ঐতিহ্য ও ভক্তি। সেই টানেই পুজোর দিনগুলিতে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে ভিড় করেন অসংখ্য মানুষ।