গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: নিজের লড়াইয়ের অভিজ্ঞতাকে হাতিয়ার করেই বেকার যুবক-যুবতীদের স্বপ্নপূরণের কারিগর হয়ে উঠলেন কলকাতা পুলিশের কনস্টেবল মোহন্ত হালদার। থানার ডিউটি সামলেও অবসর সময়ে বিনামূল্যে কোচিং দিয়ে ২৩ জনকে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য তৈরি করেছিলেন তিনি। তাঁদের মধ্যে ২১ জনই এবার চাকরি পেলেন।
কলকাতা লেদার কমপ্লেক্স থানায় কর্মরত কনস্টেবল মোহন্ত। একসময় টাকার অভাবে নামী কোচিং সেন্টারে পড়তে পারেননি। ২০১৬ সালে বিনা অপরাধে জেলও খাটতে হয়েছিল বলে দাবি তাঁর। সেই কঠিন লড়াই পেরিয়েই কলকাতা পুলিশে চাকরি পান তিনি।
চাকরি পাওয়ার পর এলাকার বেকারদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ শুরু করেন মোহন্ত। কখনও সোনারপুর তেমাথায় নিজের বাড়িতে, কখনও থানার অফিসঘরে চলেছে ক্লাস। শুধু লিখিত পরীক্ষা নয়, সময় ব্যবস্থাপনা, মক টেস্ট থেকে শুরু করে পরবর্তী ধাপের প্রস্তুতিও করিয়েছেন নিজে হাতে।
এই উদ্যোগে তাঁর পাশে দাঁড়ান লেদার কমপ্লেক্স থানার ওসি দীপঙ্কর বিশ্বাস। তাঁর তত্ত্বাবধানে থানাতেই মক টেস্টের আয়োজন করা হয়। সহযোগিতা করেন থানার অন্যান্য আধিকারিকরাও। শেষ পর্যন্ত ২৩ জনের মধ্যে ২১ জনের চাকরি পাওয়ায় খুশি ছাত্রছাত্রী থেকে স্থানীয় বাসিন্দা সকলেই। নিজের সাফল্যের পথ ধরেই অন্যদের জন্য স্বপ্নপূরণের রাস্তা তৈরি করে দিলেন এই কনস্টেবল।