নিজস্ব প্রতিনিধি, হুগলি: প্রাক্তন মন্ত্রী তথা চন্দননগরের প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেনের ঠিকানায় মঙ্গলবার সাত সকালে ইডি হানা। প্রাক্তন মন্ত্রীর সিঙ্গুরের ‘মোহর’ বাগানবাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপস্থিতিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে ঠিক কী কারণে এই অভিযান তা এখনও স্পষ্ট না না।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট-দশ বছর আগে সিঙ্গুরের ওই এলাকায় ফাঁকা জমি কিনে এই বাগানবাড়িটি তৈরি করেছিলেন তৎকালীন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এরপর থেকেই বিভিন্ন সময়ে তাঁর গাড়ির কনভয় এবং বহিরাগতদের সেখানে যাতায়াত করতে দেখা যেত বলে দাবি স্থানীয়দের। তবে ঠিক কী কারণে ইডির এই অভিযান, বাগানবাড়িতে কী ধরনের নথিপত্র বা আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে এখনও পর্যন্ত ইডির তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সিঙ্গুরের পাশাপাশি হিন্দুস্তান পার্ক, হাইল্যান্ড পার্ক-সহ কলকাতার মোট ১০ জায়গায় একসঙ্গে তল্লাশি শুরু করেছেন ইডির আধিকারিকেরা। এর মধ্যে প্রাক্তন মন্ত্রীর আত্মীয়দের বাড়িও রয়েছে। হাইল্যান্ড পার্কে যে ঠিকানায় ইডি তল্লাশি শুরু করেছে, সেটি ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীর বাড়ি।