ওঙ্কার ডেস্ক: মার্কিন মুলুকে তৈরি হতে চলেছে সে দেশের বৃহত্তম ইস্পাত কারখানা। এই প্রকল্পে বিনিয়োগ করছে ভারতের শিল্পগোষ্ঠী ‘এসার গ্রুপ’। সোমবার হোয়াইট হাউসে দুই ভারতীয় শিল্পপতিকে পাশে বসিয়ে এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রস্তাবিত প্রকল্পে প্রায় ১ লক্ষ ৪৩ হাজার ৯৬৬ কোটি টাকা বিনিয়োগ করবে এসার। কারখানাটি তৈরি হবে আমেরিকার আইওয়া প্রদেশে।
নথি অনুযায়ী, প্রকল্পটির অর্থায়নের দায়িত্বে রয়েছে মার্কিন সংস্থা ‘মেসাবি মেটালিক্স’। পরে সংস্থাটি অধিগ্রহণ করে ভারতের এসার গোষ্ঠী। সোমবার হোয়াইট হাউসে এসারের সহ-প্রতিষ্ঠাতা রবি রুইয়া এবং তাঁর পুত্র রেবন্ত উপস্থিত ছিলেন। তাঁদের পাশে রেখেই প্রকল্পের ঘোষণা করেন ট্রাম্প। তিনি জানান, মেসাবি মেটালিক্স আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ইস্পাত কারখানা তৈরির পথে এগোচ্ছে। ঘোষণার সময় হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন মার্কিন বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক। ছিলেন শক্তি ও জ্বালানি দফতরের সচিব ক্রিস রাইটও। পাশাপাশি ছিলেন এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্কের প্রধান জন জোভানভিক-সহ আরও কয়েক জন আধিকারিক।
হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে কারখানাটিতে উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, বছরে প্রায় ১ কোটি টন ইস্পাত উৎপাদন হতে পারে সেখানে। এই প্রকল্পের ফলে আইওয়ায় অন্তত ১,৭৫০ জনের কর্মসংস্থান হবে বলে জানানো হয়েছে। কারখানার প্রয়োজনীয় লৌহ আকরিক আসবে মিনেসোটা প্রদেশের একটি নতুন খনি থেকে। ওই খনিতে খনন শুরু করার জন্য ইতিমধ্যেই প্রায় ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে শিল্পগোষ্ঠীটি। সেখান থেকে প্রতি বছর প্রায় ৭৫ লক্ষ টন লৌহ আকরিক উত্তোলনের পরিকল্পনা রয়েছে। খনিতে কাজ পাবেন প্রায় ৩৫০ জন। হোয়াইট হাউসের সূত্র অনুযায়ী, প্রায় ৫০ বছর পর আমেরিকার কোনও নতুন খনি থেকে ফের খনিজ উত্তোলন শুরু হতে চলেছে।