ওঙ্কার ডেস্ক: চটকল শ্রমিকদের দুর্দশার কথা মাথায় রেখে তাদের জন্য কম খরচে পাকা বাড়ির ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। মাত্র ৫০ হাজার টাকা দিয়েই ফ্ল্যাটের মালিক হতে পারবেন যোগ্য শ্রমিকেরা। বাকি অর্থ দেবে কেন্দ্র ও রাজ্য সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবান ২.০-এর ‘অ্যাফোর্ডেবল হাউজিং ইন পার্টনারশিপ’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্রের খবর, অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির যোগ্য চটকল শ্রমিকদের জন্য তৈরি হবে পাকা বাড়ি। প্রাথমিক ভাবে উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায় পরীক্ষামূলক ভাবে প্রকল্পটি শুরু হচ্ছে। সোমবার সাংবাদিক বৈঠকে প্রকল্পের কথা জানান রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে বহু চটকল শ্রমিক ও তাঁদের পরিবার পুরনো এবং জরাজীর্ণ শ্রমিক কোয়ার্টারে থাকছেন। তাঁদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন তৈরি করাই এই উদ্যোগের লক্ষ্য। তিনি জানান, ইতিমধ্যেই প্রায় ৮ হাজার শ্রমিক প্রকল্পটিতে আগ্রহ দেখিয়েছেন। আবেদনগুলি যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করা হবে।
প্রকল্পের সুবিধা পেতে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীকে। প্রথমত, অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে। পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার বেশি হলে আবেদন করা যাবে না।আবেদনকারী বা তাঁর পরিবারের কোনও সদস্যের নামে দেশের কোথাও পাকা বাড়ি থাকা চলবে না। গত ২০ বছরের মধ্যে কেন্দ্র বা রাজ্যের কোনও আবাসন প্রকল্পের সুবিধা নিয়ে থাকলেও এই প্রকল্পে আবেদন করা যাবে না। প্রতি ফ্ল্যাট তৈরিতে আনুমানিক ৫.৫০ লক্ষ টাকা খরচ হবে বলে জানিয়েছে শ্রমদপ্তর। এর মধ্যে কেন্দ্রীয় অনুদান থাকবে ১.৫০ লক্ষ টাকা। রাজ্য দেবে ২.৭৯ লক্ষ টাকা। সুবিধাভোগীর কাছ থেকে নেওয়া হবে মাত্র ৫০ হাজার টাকা।