নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর : ইতিহাসের পাতায় লেখা রয়েছে বীরত্ব, আত্মমর্যাদা আর স্বাভিমানের এক গৌরবময় অধ্যায়। যে অধ্যায়ের অন্যতম উজ্জ্বল নাম ছত্রপতি শিবাজি মহারাজ। তাঁর ঐতিহাসিক রাজ্যাভিষেকের সেই গৌরবময় মুহূর্তকে এবার দুর্গাপুজোর প্যান্ডেলে তুলে ধরার বিশেষ প্রয়াস উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে চোপড়া রয়্যাল স্পোর্টিং ক্লাবের। ২০২৬ সালের দুর্গাপূজায় তাদের মণ্ডপসজ্জা ও ভাবনায় এই ঐতিহাসিক পরিবেশ ফুটিয়ে তুলেছে।
২০২৪ সালে মহাভারতের ‘কুরুক্ষেত্র’ থিম ফুটিয়ে তুলে তাক লাগিয়ে দিয়েছিল চোপড়া রয়্যাল স্পোর্টিং ক্লাব। এই ক্লাবটি ফিবছর দর্শকদের চমক লাগানো উপহার দিয়ে আসছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে ২০২৬ সালের পূজাতেও তারা ঐতিহাসিক মারাঠা সাম্রাজ্যের গৌরবময় অধ্যায়কে মণ্ডপ ও প্রতিমার আবহে তুলে ধরেছে। রায়গড় দুর্গে হওয়া শিবাজি মহারাজের সেই ঐতিহাসিক রাজ্যাভিষেকের দৃশ্যপটকে কেন্দ্র করে ফুটিয়ে তোলা এই থিমটি, যা উত্তরবঙ্গের দর্শকদের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।
বুধবার সন্ধ্যায় শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হল চোপড়া থানা পাড়া সর্বজনীন দুর্গাপুজোর। এবছর ৫৬তম বর্ষে পদার্পণ করল এই পুজো। আর এই বিশেষ বছরে ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়কে সামনে রেখে দর্শনার্থীদের কাছে এক অন্যরকম অভিজ্ঞতা তুলে ধরার উদ্যোগ নিয়েছেন পুজো উদ্যোক্তারা।
রাজকীয় সিংহাসনে আসীন ছত্রপতি শিবাজি মহারাজ, চারপাশে রাজকীয় আয়োজন—প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে তাঁর গৌরবময় রাজ্যাভিষেকের আবহ। যা শুধু ইতিহাসের স্মৃতিচারণ নয়, বরং বীরত্ব, আত্মমর্যাদা ও নেতৃত্বের আদর্শকে নতুন করে মনে করিয়ে দেওয়ার প্রয়াস। একদিকে মা দুর্গার আরাধনা, অন্যদিকে বীর শিবাজি মহারাজের ঐতিহাসিক রাজ্যাভিষেক—এই দুইয়ের মেলবন্ধনে চোপড়ার দুর্গোৎসবে এবার যোগ হয়েছে এক বিশেষ মাত্রা।