ওঙ্কার ডেস্ক: রাত পোহালেই বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা নির্বাচনের গণনা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে নির্বাচন কমিশনের। ফলপ্রকাশ পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে একাধিক পরিকল্পনা করেছে ভারতের নির্বাচন পরিচালনাকারী সংস্থা।
কমিশন সূত্রের খবর, ২৪৩ জন রিটার্নিং অফিসার এবং একই সংখ্যক কাউন্টিং অবজার্ভারের তত্ত্বাবধানে ভোট গণনা পরিচালিত হবে। নির্বাচন কমিশনের তরফে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে ‘৪,৩৭২টি গণনা টেবিল বসানো হয়েছে। প্রতিটি টেবিলে এক জন কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং মাইক্রো অবজার্ভার থাকবে। প্রার্থীদের তরফে প্রায় ১৮,০০০-এরও বেশি কাউন্টিং এজেন্টও গণনা প্রক্রিয়া তদারকি করবেন।’ কমিশন সূত্রে খবর, শুক্রবার সকাল ৮টায় পোস্টাল ব্যালট গণনা শুরু হবে। এর পর সকাল ৮:৩০ টা থেকে ইভিএম এর ভোট গণনা শুরু হবে। প্রতিটি ইভিএমের কন্ট্রোল ইউনিটের সিল যাচাই করা হবে এবং ফর্ম ১৭সি রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা হবে। কোনও অসঙ্গতি থাকলে, ভিভিপ্যাট স্লিপ গণনা করা হবে। কমিশন জানিয়েছে, ‘ইভিএমে রেকর্ড করা ভোটের সংখ্যা ফর্ম ১৭সি-তে থাকা এন্ট্রিগুলির সঙ্গে যাচাই করা হবে। কোনও অমিল থাকলে, সেই ভোটকেন্দ্র থেকে ভিভিপ্যাট স্লিপগুলি বাধ্যতামূলকভাবে গণনা করতে হবে।’
উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচন দু দফায় সম্পন্ন হয়েছে গত ৬ ও ১১ নভেম্বর। মোট পড়েছে ৬৭.১৩ শতাংশ। ১৯৫১ সালের পর এই নজির সর্বোচ্চ। কমিশন জানিয়েছে ২৪৩ আসনে ২,৬১৬ জন প্রার্থী এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। কোনও রাজনৈতিক দলের তরফে পুনরায় নির্বাচনের অনুরোধ জানানো হয়নি।
