ওঙ্কার ডেস্ক: চলতি বছরেই রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সে রাজ্যে ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ইতিমধ্যে বিষয়টি নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। মামলাকারীদের তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও।
বৃহস্পতিবার এই সংক্রান্ত একাধিক মামলা একত্রিত করে শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতের বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুরু হয় শুনানি। এদিন শুনানিতে মামলাকারীরা প্রশ্ন তোলেন, কাউকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় কি না। ভারতের নির্বাচন কমিশনের কাজের পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন মামলাকারীরা। যদিও কমিশনের তরফে জানানো হয়, কারোর ভোটাধিকার কেড়ে নেওয়া তাদের উদ্দেশ্য নয়। আইন মেনেই সমস্ত কাজ করা হচ্ছে বলে জানায় কমিশন।
উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনের জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশিকায় বলা হয়েছে যাঁদের নাম ভোটার তালিকায় রয়েছে, তাঁদেরও নির্দিষ্ট নথি জমা দিতে হবে। আধার কার্ড বা রেশন কার্ডের মতো নথি এ ক্ষেত্রে গণ্য হবে না বলে জানিয়েছিল কমিশন। কমিশনের নির্দেশে বলা হয়েছে, ২০০৩-এর ভোটার তালিকায় যাদের নাম ছিল তাঁদের সমস্যা নেই। কিন্তু যাদের জন্ম ১৯৮৭ সালের আগে, তাদেরকে জন্মের শংসাপত্র দেখাতে হবে। ১৯৮৭ সাল থেকে ২০০৪-এর মধ্যে যাদের জন্ম, তাদেরকে নিজেদের এবং বাবা-মায়ের মধ্যে এক জনের জন্মের শংসাপত্র দিতে হবে। তবে যাদের জন্ম ২০০৪-এর পরে তাদেরকে নিজের ও বাবা-মায়ের দু’জনের জন্মের শংসাপত্র জমা দিতে হবে।
