হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোটের প্রস্তুতি শুরু। তারই মধ্যে ওয়ার্ড সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করল জেলা প্রশাসন।জেলাশাসক তথা জেলা মিউনিসিপ্যাল ইলেকশন অফিসার ডঃ পি দীপাপ প্রিয়া একটি আদেশনামা জারি করে এই খসড়া তালিকা প্রকাশ করেছেন। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল ইলেকশন রুলস, ১৯৯৪-এর ৩ নম্বর ধারা অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে এই তালিকা তৈরি করা হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, হাওড়া পুরনিগমে মোট ওয়ার্ড সংখ্যা ৬৮টি। এর মধ্যে ২২টি ওয়ার্ড সাধারণ মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। ওয়ার্ডগুলি হল – ১, ৪, ৭, ১০, ১৩, ১৬, ১৯, ২২, ২৫, ২৮, ৩১, ৩৪, ৩৮, ৪১, ৪৪, ৪৭, ৫০, ৫৩, ৫৬, ৫৯, ৬২ এবং ৬৫ নম্বর ওয়ার্ড।অন্যদিকে তপশিলি জাতির (SC) জন্য সংরক্ষিত রাখা হয়েছে দুটি ওয়ার্ড। ৩৫ ও ৬৬ নম্বর ওয়ার্ড SC-দের জন্য সংরক্ষিত থাকবে, যার মধ্যে ৩৫ নম্বর ওয়ার্ডটি আবার SC মহিলাদের জন্য সংরক্ষিত। তবে তপশিলি উপজাতির (ST) জন্য কোনও ওয়ার্ড সংরক্ষিত করা হয়নি।
জেলা প্রশাসন জানিয়েছে, ১৬ সেপ্টেম্বর এই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা নিয়ে কারও কোনও আপত্তি বা পরামর্শ থাকলে তা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে জেলা মিউনিসিপ্যাল ইলেকশন অফিসারের দপ্তরে লিখিতভাবে জমা দিতে হবে। জমা পড়া সমস্ত আবেদন খতিয়ে দেখার পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।