ওঙ্কার ডেস্ক: ঝাড়খণ্ডের রামগড় জেলায় হাতির হানায় মৃত্যু হল দুই মহিলার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে। মৃত দু’জন একই গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।
রিপোর্ট অনুসারে, মৃত দুই মহিলার নাম সাবিনা খাতুন (৬০) এবং ধানো দেবী (৩৭)। তাঁরা রাজরাপ্পা থানা এলাকায় রামগড়ের বড়কিপোনা গ্রামের বাসিন্দা। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। ওই সময় দুই মহিলা মাঠে কাজ করছিলেন। আচমকা একটি হাতির পাল সেখানে চলে আসে। হাতির দলটি দুই মহিলাকে আক্রমণ করে। ঘটনাস্থলেই ধানো দেবীর মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় সাবিনা খাতুনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
রাজরাপ্পা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণ কুমার জানান, বুনো হাতির দল মাঠে থাকা দুই মহিলাকে পিষে দেয়। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এলাকায় হাতির গতিবিধি নিয়ে সতর্কতা জারি করেছে বন দফতর। রামগড়ের ডিভিশনাল ফরেস্ট অফিসার নীতীশ কুমার জানিয়েছেন, এলাকায় ৪৪টি হাতির একটি পাল ঘুরে বেড়াচ্ছে। হাতির পালটি ইতিমধ্যে দুটি দলে ভাগ হয়েছে। গোলা, চিতরপুর এবং দুলমি ব্লকের একাধিক গ্রামে সতর্কতা জারি করা হয়েছে। হাতির গতিবিধির উপর নজর রাখতে কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। দলের সদস্যদের সঙ্গে রয়েছে ঢাক, বাজি এবং আগুনের মশাল। এলাকা থেকে হাতির পালকে দূরে সরানোর চেষ্টা চলছে। একইসঙ্গে নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও নজর রাখছে প্রশাসন।