ওঙ্কার ডেস্ক: সর্বকনিষ্ঠ হিসাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছেন নীতীন নবীন। দায়িত্ব নেওয়ার পর এবার নিজের পছন্দের টিম তৈরি করলেন তিনি। সোমবার প্রকাশিত হয়েছে দলের নতুন পদাধিকারীদের তালিকা। নতুন কমিটিতে একাধিক পরিচিত মুখ ফিরেছেন। গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে তাঁকে।
দলের গুরুত্বপূর্ণ পদে ফিরেছেন স্মৃতি ইরানিও। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অমেঠিতে পরাজয়ের পর তাঁকে সক্রিয় রাজনীতিতে তুলনামূলক কম দেখা গিয়েছিল। এবার নীতীনের টিমে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তিনি। বাংলা থেকেও দুজন গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সর্বভারতীয় সহ-সভাপতিদের তালিকায় জায়গা পেয়েছেন ক্যানসার চিকিৎসক মধুছন্দা কর।
সাংগঠনিক রদবদলের জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার পর নতুন কমিটি ঘোষণার ইঙ্গিত ছিল। স্বাধীনতা দিবস এবং অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীর কর্মসূচি মিটতেই সোমবার তালিকা প্রকাশ করা হল। তরুণ এবং মহিলা নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার বার্তাও মিলেছে। অভিজ্ঞ নেতাদের সঙ্গে নতুন মুখের সমন্বয় ঘটানো হয়েছে। সংগঠনকে আরও সক্রিয় করাই এই রদবদলের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।