গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা : ঘূর্ণিঝড় অর্ণবের জেরে ফের বাঁধ ভাঙনের বিপর্যয় দক্ষিণ ২৪ পরগনায়। মঙ্গলবার গভীর রাতে বাসন্তীতে হোগল নদীর বাঁধ ভেঙে নদীগর্ভে তলিয়ে গেল ১০ থেকে ১২টি বসতবাড়ি। মুহূর্তের মধ্যে সর্বস্বান্ত হয়ে গৃহহীন বহু পরিবার। আতঙ্ক ছড়িয়েছে বাসন্তী গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর সংলগ্ন সজোনতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অর্ণবের প্রভাবে গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে হোগল নদীতে জল বাড়ছিল। জলের চাপেই মঙ্গলবার গভীর রাতে সজোনতলা এলাকায় বাঁধের একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তখন বেশিরভাগ মানুষই ঘুমিয়ে ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই জলের তোড়ে ভেসে যায় একের পর এক মাটির বাড়ি। আসবাবপত্র, হাঁস-মুরগি সব ভেসে গিয়েছে বলে দাবি বাসিন্দাদের।
যদিও ঠিক কতগুলি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও প্রশাসনিকভাবে নিশ্চিত করা হয়নি। এলাকাবাসীর অভিযোগ ১০-১২টি বাড়ি নদীতে তলিয়ে গিয়েছে। খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে ছুটে যায় বাসন্তী থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। দুর্গতদের নিরাপদ জায়গায় সরানো হয়। প্রশাসনের তরফে শুকনো খাবার ও ত্রিপল বিলি করা হয়েছে। বাঁধ মেরামতির কাজও দ্রুত শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে।