ওঙ্কার ডেস্ক: ভয়াবহ ঘটনা উত্তরপ্রদেশের আজমগড়ে। মঙ্গলবার এক ব্যক্তি স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে খুন করে, এর পর তিন শিশুকে পণবন্দি করে রাখে। পুলিশের কথায় কর্ণপাত না করায় এনকাউন্টারে খতম করা হল তাকে। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ওই ব্যক্তি তার এক সন্তানকেও গুলি করেন। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ও তার ছেলে দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তারা মারা যান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়। অরবিন্দ সিং নামে ওই ব্যক্তি সন্ধ্যা ৬টা নাগাদ বাড়ি ফিরে দেখেন, তার স্ত্রী ববিতা সিং (৩২) মহেন্দ্র পাঠক (৬০) এবং অখিলেশ মিশ্র (৫০) নামে দুই পুরোহিতের সঙ্গে একটি ধর্মীয় অনুষ্ঠানে ব্যস্ত আছেন।এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। রাগের মাথায় অরবিন্দ তার লাইসেন্স প্রাপ্ত বন্দুক বের করে প্রথমে তার স্ত্রীকে এবং পরে দুই পুরোহিতকে গুলি করেন। এরপর তিন সন্তানকে নিয়ে একটি ঘরে আটকে রাখেন।
বারাণসী জোনের এডিজি নবীন অরোরা জানান, অভিযুক্ত অরবিন্দ বাড়ি থেকে বের হতে অস্বীকার করে। বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এর পর পরিস্থিতি আরও খারাপ হয়। যার ফলে পুলিশ পালটা গুলি চালাতে বাধ্য হয়। তিনি আরও বলেন, ‘আমরা গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছি; এসএসপি-সহ টিম ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই গুলির মুখে পড়েন এবং পাল্টা গুলি চালাতে বাধ্য হন।’
পুলিশ তিন শিশুকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় অরবিন্দ ও তার ছেলে মারা যায়। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ চলছে। আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে।