ওঙ্কার ডেস্ক: ‘বন্দে মাতরম’ গাইতে অস্বীকার করলেই কাউকে শাস্তি দেওয়া যায় না। মঙ্গলবার কেন্দ্রকে এমনটাই মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিশেষ করে ধর্মীয় কারণে কেউ গান গাইতে না চাইলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলেছে শীর্ষ আদালত।
বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটির শুনানি হয়। বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনা। কর্ণাটকী সঙ্গীতশিল্পী টি এম কৃষ্ণের দায়ের করা আবেদনের ভিত্তিতে শুনানি হয়।
কৃষ্ণ ২০২৬ সালে সংশোধিত ‘প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট ১৯৭১’-এর ৩ নম্বর ধারাকে চ্যালেঞ্জ করেছেন। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ২৮ জানুয়ারি ও ৯ জুলাইয়ের নির্দেশ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
শুনানিতে ১৯৮৬ সালের ‘বিজয় ইমানুয়েল বনাম কেরল সরকার এর’ মামলার রায়ের প্রসঙ্গ তুলে ধরে সুপ্রিম কোর্ট। সেই মামলায় ধর্মীয় কারণে জাতীয় গান গাইতে অস্বীকার করা স্কুলপড়ুয়াদের সুরক্ষা দিয়েছিল আদালত। বিচারপতি জয়মাল্য বাগচী কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতার উদ্দেশে বলেন, সংশোধিত আইনের ক্ষেত্রেও ওই রায়ে প্রতিষ্ঠিত আইনি নীতি কার্যকর থাকবে বলে আদালত আশা করছে।
আদালতের পর্যবেক্ষণ, জাতীয় গান কোনটি, তা নিয়ে বিতর্ক করা এই মামলার বিষয় নয়। দুই স্তবক হবে নাকি চার স্তবক, সেই সিদ্ধান্ত নেওয়া গণতান্ত্রিক রাষ্ট্রের বিষয়। তবে ধর্মীয় স্বাধীনতার মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে মনে করা কোনও ব্যক্তিকে শুধু গান না গাওয়ার কারণে শাস্তির মুখে ফেলা যাবে না বলে ইঙ্গিত দিয়েছে বেঞ্চ।