ওঙ্কার ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের জীবনে শুরু হল নতুন অধ্যায়। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে একান্ত পারিবারিক ও ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। মুম্বইয়ের পালি হিলে আমিরের বাসভবনেই সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। শুরু থেকেই অনুষ্ঠানটিকে ব্যক্তিগত পরিসরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা। তাই আমন্ত্রিত অতিথিদের তালিকাও ছিল সীমিত। তবে সেই ছোট পরিসরের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন দেশের শিল্প, বিনোদন ও ব্যবসা জগতের একাধিক পরিচিত মুখ।
রবিবার সকাল থেকেই আমির খানের বাড়ির বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। একের পর এক গাড়িতে করে অতিথিরা পৌঁছতে শুরু করেন। অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর কাড়ে শিল্পপতি মুকেশ আম্বানির আগমন। তাঁর সঙ্গে আম্বানি পরিবারের আরও কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তার মধ্যেই তাঁদের বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয়। প্রবল বর্ষণ সত্ত্বেও অনুষ্ঠান ঘিরে উৎসাহে কোনও ভাটা পড়েনি। এমনকি আম্বানি পরিবারের কনভয় পৌঁছনোর সময় বাড়ির বাইরে একটি গাছ ভেঙে পড়ায় কিছুক্ষণের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন।
অনুষ্ঠানে যোগ দেন পরিচালক আশুতোষ গোয়ারিকর এবং তাঁর স্ত্রী সুনীতা গোয়ারিকর। আমির খানের দীর্ঘদিনের বন্ধু হিসেবে বিশেষ এই অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি ছিল তাৎপর্যপূর্ণ। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতার পরিবারের সদস্যরা। ছেলে জুনায়েদ খান, মেয়ে আইরা খান-সহ ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে সম্পূর্ণ হয় বিয়ের আনুষ্ঠানিকতা। আমিরের পালি হিলের বাড়িটি ফুল ও আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছিল। যদিও অনুষ্ঠানটি ছিল অত্যন্ত ব্যক্তিগত, তবুও বাড়ির বাইরে সংবাদমাধ্যম ও অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তার কারণে কাউকেই অনুষ্ঠানস্থলের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকার পরই বিয়ের সিদ্ধান্ত নেন আমির খান ও গৌরী স্প্র্যাট। বিশেষ বিবাহ আইনের অধীনে তাঁদের বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কয়েক মাস আগেই নিজের জন্মদিন উপলক্ষে গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন আমির। এরপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে নতুন জীবনের সূচনা করলেন বলিউডের এই তারকা। বলিউডের ‘মিস্টার পারফেক্টেনিস্ট’-এর তৃতীয় বিয়ে নিয়ে ইতিমধ্যেই শরগোল ফ্যান ফোলোয়ারদের মধ্যে।