ওঙ্কার ডেস্ক: সোজা বারাণসীর ঘাটে মা গঙ্গাকে সাক্ষী রেখে দ্বিতীয়বার বিয়ের আসর সাজালেন গেরুয়া শিবিরের নেতা তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই তাঁর দাম্পত্যজীবন ঘিরে শোনা গিয়েছিল নানা গুঞ্জন। সেখানেই উঠে এসেছিল প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ফাটল এবং হিরণের মনে ফের একবার নতুন প্রেমের বিষয়ও।
সেই গুঞ্জনই সত্যি করে ফের গাঁটছড়া বেঁধেছেন নায়ক। সোশাল মিডিয়ায় নিজের দ্বিতীয় বিয়ের ছবি নিজেই পোস্ট করেন হিরণ। তারপরেই শোরগোল, প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই দ্বিতীয়বার বিয়ে সেরেছেন নেতা-অভিনেতা হিরণ। বারাণসীর ঘাটে গঙ্গাকে সাক্ষী রেখে দ্বিতীয় বার বিয়ে করেন তিনি। হিরণের দ্বিতীয় স্ত্রী ঋত্বিকা গিরি, পেশায় মডেল। বারাণসীর ঘাট থেকে ভাইরাল হওয়া সেই ছবিতেই দেখা যায় লাল বেনারসিতে সেজেছিলেন কনে ঋত্বিকা। অন্যদিকে হলুদ পাঞ্জাবিতে সেজেছিলেন হিরণ।
কিন্তু জানা গিয়েছে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। এখনও ডিভোর্স দেননি বলেই জানিয়েছেন অভিনেতা, বিজেপি বিধায়কের প্রথম স্ত্রী। এদিন মেয়ে নিয়াশা চট্টোপাধ্যায় এবং আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় আসেন অনিন্দিতা। অন্যদিকে, হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন হিরণ এবং তাঁর পাঁচ বছরের সম্পর্ক, অনিন্দিতার বলা কথা মিথ্যে,হিরণ মোটেই ২০২৫ সালে তাঁদের সঙ্গে গিয়ে থাকেননি। এমনকী ঋতিকার বয়স সম্পর্কেও নাকি ভুল তথ্য দিচ্ছেন অনিন্দিতা। বর্তমানে এই খবরে তোলপাড় সংবাদ থেকে সমাজমাধ্যম। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অভিনেতা, বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় কোনও মন্তব্য করেননি।
