ওঙ্কার ডেস্ক: ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চ যেন তাঁকে ছাড়া অসম্পূর্ণ। তিনি বলিউডের শাহেনশা ‘অমিতাভ বচ্চন’। সঞ্চালকের আসনে একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেন প্রতিযোগীদের দিকে। এবার টেলিভিশনের পর্দায় দর্শক তাঁকে দেখলেন এক্কেবারে অন্যভাবে। এবার এই রিয়ালিটি শোয়ের মঞ্চেই অমিতাভকে দেখা গেল ভীষণ আবেগঘনভাবে। ইতিমধ্যেই বিশেষ পর্বের প্রোমোতে সেই ঝলক দেখা গিয়েছে।
সম্প্রতি, সামনে আসা সেই প্রোমোতে কেবিসি’র মঞ্চে নিজের ৮৩তম জন্মদিনের উদযাপনে চোখে জল দেখা যায় অমিতাভের। কারণ এই বিশেষ পর্বে তাঁর জন্মদিনের উদযাপনের মধ্যে হঠাৎই শোনা যায় একটি অডিও ক্লিপ। যা শুনেই রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। সেই অডিও ক্লিপে অমিতাভ বচ্চনের মা প্রয়াত তেজি বচ্চনের কণ্ঠস্বর শোনা যায়। তাঁকে বলতে শোনা যায়, “আমি অত্যন্ত সৌভাগ্যবতী। আমি এখন যেখানেই যাই সেখানেই সকলকে আমার ছেলের প্রশংসা করতে শুনি। আমি ভীষণ গর্বিত একজন মা।” আর মায়ের গলা শুনেই রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। নিজেকে সামলে নিয়ে চোখের জল মুছে নেওয়ার দৃশ্যও ক্যমেরা এড়ায়নি।
উল্লেখ্য, নিজের জন্মদিনের বিশেষ পর্বে কেবিসির মঞ্চে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাভেদ আখতার ও ফারহান আখতার। নিজেদের একসঙ্গে কাটানো পুরনো দিনের স্মৃতিতে ভাসেন জাভেদ আখতার ও অমিতাভ বচ্চন। দোসর হয়ে ওঠেন ফারহান নিজেও। আগামী ১০ অক্টোবর এই বিশেষ পর্ব দেখা যাবে টেলিভিশনের পর্দায়।
