ওঙ্কার ডেস্ক: বলিউডের ‘বাদশা’, তিনি ‘কিং খান’। কথা হচ্ছে রোম্যান্সের জাদুকর শাহরুখ খানকে নিয়ে। আগামী ২ নভেম্বর তাঁর ষাটতম জন্মদিন। এই বছর জুড়ে তাঁর কাজ এমনিই বিশেষ হয়ে রয়েছে। এবার একের পর এক সাফল্যে ভরা তাঁর এই বছরটিকে আরও স্মরণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে পিভিআর আইনক্স।
বলি অভিনেতার জন্মদিনকে কেন্দ্র করে পিভিআর আইনক্স এক বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে, যা চলবে টানা দু’সপ্তাহ ধরে। এই বিশেষ চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী ৩১ অক্টোবর থেকে। দেশের মোট তিরিশটি শহরে অবস্থিত ৭৪টি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট ছবি। সাথে সাথে এই উদ্যোগের ফলে শাহরুখের দর্শক-অনুরাগীরা ফের একবার বড় পর্দায় তাঁর পুরনো ছবিগুলি দেখার সুযোগ পাবেন। দর্শকদের জন্য বিশেষ এই চলচ্চিত্র উৎসবে শাহরুখের কোন কোন ছবি থাকবে, সেই তালিকাও তৈরি হয়েছে। সেই তালিকায় রয়েছে— ‘কভি হাঁ কভি না’, ‘দিল সে’, ‘ম্যায় হু না’, ‘দেবদাস’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ব্লকবাস্টার ছবিগুলি।
কাজের দিক থেকে শাহরুখের কাছে এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ৩৩ বছরের অভিনয় জীবনে প্রথম জাতীয় পুরস্কার জিতেছেন এই বছর। ছেলে আরিয়ান খান ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে দারুণ সাফল্য পেয়েছেন, অন্যদিকে মেয়ে সুহানা খান তাঁর নতুন ছবি ‘কিং’-এ অভিনয় করছেন।
