ওঙ্কার ডেস্ক: সৌকর্য ঘোষালের পরিচালনায় জয়া আহসান অভিনীত নতুন ছবি ‘ওসিডি’-র ট্রেলার মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই। ২০২৬ সালের ১ জানুয়ারি জয়া আহসান নিজেই তাঁর সমাজমাধ্যমে এই ছবির পোস্টার প্রকাশ করেন। সেখানে অভিনেত্রী ধরা দিয়েছে ছিমছাম লুকে। নেই কোনও জৌলুস, মেকআপের ঘনঘটা। এই ছবি শিশু নির্যাতনের মতো এক গভীর সংবেদনশীল এবং উপেক্ষিত সামাজিক বাস্তবতাকে সামনে আনতে চলেছে। ছবির মুখ্য চরিত্রে জয়া আহসান। অভিনেত্রীর ছোটবেলার চরিত্রে দেখা যাবে আর্শিয়া মুখোপাধ্যায়কে।
উল্লেখ্য, আর্শিয়াকে দর্শক জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ভুতু’তে মুখ্য চরিত্রে দেখেছিলেন। তার মিষ্টি হাসি আর আদুরে স্বভাব দর্শকের মনে জায়গা করে নিয়েছিল ব্যাপকভাবে। বর্তমানে সমাজমাধ্যমে দারুণ সক্রিয় আর্শিয়া। ‘ভুতু’র পর দর্শক তাকে শেষ দেখেছিলেন স্টার জলসার ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’য়। সেখানেও ‘মীরা’র ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল তাকে। এবার নতুন পথ চলা, আর্শিয়া ফিরতে চলেছে একেবারে নতুন রূপে। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় পা রাখছে সে। এছাড়াও তাকে দেখা যেতে চলেছে একটি ওয়েব সিরিজে। ‘ওসিডি’ ছবির মাধ্যমে সৌকর্য এক নির্যাতিত শিশুর দৃষ্টিভঙ্গি থেকেই গল্পটি বলতে চেলেছেন। ছবিটি মুক্তি পাবে আগামী ৬ ফেব্রুয়ারি।
