ওঙ্কার ডেস্ক: গত বছর ‘বেনারসে বিভীষিকা’র ব্যাপক সাফল্যের পর ফের স্বমহিমায় পর্দায় আসছেন ‘একেনবাবু’। একেন বাবুর অনুরাগীদের তালিকায় চোখ রাখলেই দেখা যায় একেনের গল্পে মজে ছোট থেকে বড় সকলেই। সেকারণেই প্রতি বছর এই সিরিজের জন্য মুখিয়ে থাকেন দর্শকেরা। এবারেও তার অন্যথা হবে না। বছর শুরুতে তারই তোড়জোড় একেবারে তুঙ্গে। এবার রহস্যে গন্ধ পুরুলিয়ায়।
পর্দায় ‘একেন্দ্র সেন’ ওরফে ‘একেনবাবু’র রহস্য সমাধান দেখতে ভালোবাসে না এমন কেউ নেই বললেই চলে। একেন বাবুর নতুন সিরিজ ‘একেন বাবু: পুরুলিয়ায় পাকড়াও’এর শুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। পরিচালকের আসনে রয়েছেন বরাবরের মতো জয়দীপ মুখোপাধ্যায়। দর্শকের দরবারে একেন বাবু প্রথম এসেছিলেন সিরিজের হাত ধরে। এরপর বড় পর্দায় এই চরিত্রকে দর্শক পেলেও এবারও আগের মতোই ওটিটি মাধ্যমে আবারও ফিরছে একেন। এবার হতে চলেছে একেনের নবম সিজন। পুরুলিয়ায় রহস্য সমাধানে মাঠে নামবেন তিনি। আর পুরুলিয়া মানেই মুখোশ-ছৌ নাচ। মুখশের আড়ালে থাকা অপরাধীকে একেন খুঁজে বের করবে কিনা তা যদিও জানতে ধৈর্য ধরতে হবে। আর তাই এবারের সিজনের নাম ‘একেন বাবু: পুরুলিয়ায় পাকড়াও।’ পুরুলিয়ার বুকে এবার একেন কোন রহস্যের সমাধান করবেন সেই নিয়ে দর্শকমহলে কিন্তু কৌতূহলের সীমা নেই।
বরাবরের মত একেনবাবুর সঙ্গে ‘বাপি’ ও ‘প্রমথ’ চরিত্রে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষকে। তবে তাঁরা ছাড়াও নতুন সিজনে নাকি থাকবেন এবার টলিপাড়ার বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। শোনা যাচ্ছে, এবার নাকি একেনের নতুন সিরিজে দেখা যাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে শঙ্কর চক্রবর্তী, সুমন্ত মুখোপাধ্যায়, শাঁওলি চট্টোপাধ্যায়সহ আরও অনেককে। তবে খলচরিত্রে কে থাকছেন তা যদিও এখনও জানা যায়নি। একেনের এবারের চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন পদ্মনাভ দাশগুপ্ত।
