ওঙ্কার ডেস্ক: ফের পর্দায় ফিরতে চলেছে ছোট পর্দার জনপ্রিয় মুখ সৌরভ চক্রবর্তী। স্টার জলসায় জার্নি শুরু করতে চলেছে নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’। বেশ কিছুদিন আগে থেকেই এই ধারাবাহিক গুঞ্জন শোনা যাচ্ছিল। চ্যানেল কর্তৃপক্ষের তরফে এরপর এই খবরে সিলমোহর দেওয়া হয়। এবার প্রকাশ্যে এল ধারাবাহিকের প্রোমো। মুখ্য চরিত্রে রয়েছেন সৌরভ। ধারাবাহিকে নায়িকার চরিত্রে রয়েছেন শুভস্মিতা মুখোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম ঝাঁপি। ধারাবাহিকে ঝাঁপি চরিত্রটি অত্যন্ত লক্ষ্মীমন্ত একটি মেয়ে। আর ধারাবাহিকের এমন নামকরণের নেপথ্যে রয়েছে হয়তো আরও এক কারণ।
ধারাবাহিকের এমন নামকরণের সম্ভাব্য কারণ প্রোমোতেই আন্দাজ করা গেছে। সেখানে দেখা যাচ্ছে বিয়ের কনে ঝাঁপি বিয়ের মণ্ডপে যাওয়ার জন্য প্রস্তুত। এমন সময় বাড়িতে এসে ব্যাবসার লোকসানের খবর দেয় তার বাবাকে। পাওনা টাকা ফেরত চেয়ে ঝাঁপির বাবার উপর হামলা করে পাওনাদারেরা। বাবাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ায় ঝাঁপি। এরপরই খালি হয়ে যায় গমগমে বিয়েবাড়ি। ফাঁকা মণ্ডপে ঝাঁপির পাশে এসে বসে দীপ। জিজ্ঞেস করে এত বড় দায়িত্ব যে সে নিল তা কীভাবে পালন করবে? কীভাবে এত টাকা ফেরাবে সে। হয়তো প্রাইভেট ব্যাঙ্ক খোলার আভাসই দিয়েছে এই ধারাবাহিকের চরিত্র ঝাঁপি।
দীপ ও ঝাঁপির কথা বলার ধরণ ও আবেগ দেখে মনে হয়েছে আগামীতে এই দুই চুরিত্র খুব তাড়াতাড়ি এক সুতোয় বাঁধা পড়তে পারে। ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন শ্রীপর্ণা রায়। দেখা যাবে অদিতি চট্টোপাধ্যায়কেও। যদিও কবে থেকে নতুন এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে তা এখনও জানানো হয়নি।
