ওঙ্কার ডেস্ক: টলিপাড়ায় খুশি খুশি রব, অনুপম রায় ও প্রস্মিতার ঘরে এসেছে নতুন অতিথি। ছেলের জন্মের পর নিজেই এই সুখবর সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন অনুপম। এবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন প্রস্মিতা নিজেই। গায়িকার সমাজমাধ্যমে পোস্ট করা দুটি ছবির একটিতে দেখা যাচ্ছে অন্তঃসত্ত্বা অবস্থায় স্ফীতোদর আগলে দাঁড়িয়ে আছেন প্রস্মিতা। অন্যটিতে ছেলেকে কোলে নিয়ে আছেন গায়িকা। আর এই ছবিতেই একরত্তির এক ঝলকের দেখা মিলেছে। ছোট্ট খুদে জরিয়ে আছে মায়ের বুকের সঙ্গে। প্রস্মিতা এই পোস্টে অনুপম রায়ের গাওয়া গান ‘ব্যথা নেই’ জুড়েছেন। একরত্তিকে নিয়ে এই পোস্টের ক্যাপশনে প্রস্মিতা লিখেছেন, ‘আমার সোনা’। অনুপম-প্রস্মিতার ছেলের এক ঝলক দেখে ইতিমধ্যেই শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, অনুপম প্রস্মিতার বিয়ে হয়েছিল ২০২৪ সালে৷ যদিও পরিচয় বহুদিনের৷ কাজের সূত্রে আলাপ থেকে প্রেমপর্ব শেষে শুভ পরিণয়৷ যদি প্রেমের খবর গোপনেই রেখেছিলেন তেমনই মাতৃত্বকেও গোপনেই রেখেছিলেন প্রস্মিতা। ছেলের জন্মের পরেই এই খবর ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। বাংলা গানের জগতে অনুপম রায় বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগতই রাখতে পছন্দ করেন। প্রস্মিতা পাল মা হলেন, গান গাওয়ার পাশাপাশি কর্পোরেট জগতে কর্মরতা প্রস্মিতা৷ এবার মা হিসাবে নতুন দায়িত্ব প্রস্মিতার কাঁধে৷