ওঙ্কার ডেস্ক: সংসদের বাদল অধিবেশন ১৩ আগস্ট অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে যায়। লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দশ দিন পেরিয়ে গেলেও অধিবেশন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়নি। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, সরকার কি কোনও বিশেষ অধিবেশন ডাকতে পারে?
সাধারণত অনির্দিষ্টকালের জন্য অধিবেশন মুলতবি হওয়ার কয়েক দিনের মধ্যেই তার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এবার সেই প্রক্রিয়ায় দেরি হচ্ছে, আর সে কারণে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সংসদীয় রীতিতে অধিবেশন মুলতবি করার পর রাষ্ট্রপতির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তার সমাপ্তি ঘটে। সংবিধান অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে রাষ্ট্রপতি সংসদে অধিবেশন ডাকেন এবং সমাপ্তি ঘোষণা করেন। এর আগে বাজেট অধিবেশন ১৮ এপ্রিল শেষ হয়েছিল। দু’দিন পর, ২০ এপ্রিল, সেটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। ফলে এবারে দেরি হওয়া নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। তাঁদের ধারণা, সরকার আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল নিয়ে আলোচনা করতে পারে।
উল্লেখ্য, বাজেট অধিবেশনে এই বিলে প্রয়োজনীয় সমর্থন পায়নি মোদী সরকার। দক্ষিণ ভারতের দলগুলিও আসন পুনর্বিন্যাস নিয়ে উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, জনসংখ্যার ভিত্তিতে লোকসভা আসন পুনর্বিন্যাস হলে দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধিত্ব কমে যেতে পারে। এই আবহে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে রাজনৈতিক মহল।