ওঙ্কার ডেস্ক: ভালোবাসার মরশুমেই চারহাত এক হবে তাঁদের। খাতায় কলমে রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির বিয়ের আর মাত্র দিনকয়েক বাকি। জীবনের নতুন ইনিংস শুরু করার আগে রীতিমতো অপেক্ষার প্রহর গুনছেন তাঁরা। আগামী ১৪ ফেব্রুয়ারি চারহাত এক হবে রণজয় ও শ্যামৌপ্তির। তার আগে প্রথা মেনেই বলা যায় প্রাক বিবাহ ফটোশুট সারলেন তাঁরা। যা নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন হবু তারকাদম্পতি।
প্রসঙ্গত, সেই পোস্টের ক্যাপশন বেশ অন্যরকম। যেখানে দেখা যাচ্ছে রণজয় ও শ্যামৌপ্তি ফিরে গিয়েছে সাদা কালো ও রঙিন পৃথিবীতে। ভিডিওর প্রথম ভাগে ‘সাদাকালো পৃথিবী’তে একেবারে রেট্রোলুকে ধরা দিয়েছেন তাঁরা। আর তারপরই বর্তমান সময়ের ছবিতে দেখা গিয়েছে দুজনকে। আর ভিডিওর শেষে লেখা ফুটে উঠেছে ‘সাদাকালো হোক বা রঙিন, আমরা ছিলাম আছি থাকব।’
হবু দম্পতির ওই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের অনুরাগীরাও। দীর্ঘদিন চুপিসারে প্রেম করেছেন তারকাযুগল। এই প্রেমের সপ্তাহেই ছাঁদনাতলায় বসবেন তাঁরা। যদিও কোথায় বসবে তাঁদের বিয়ের আসর এই নিয়ে সেভাবে কিছুই প্রকাশ্যে আনেননি দু’জনে। এবার সেই প্রেমেরই ‘শুভ পরিণয়’ ঘটতে চলেছে এই ‘ভ্যালেন্টাইনস ডে’তেই।
