ওঙ্কার ডেস্ক: জীবিত থাকাকালীনও বিতর্কে জড়িয়েছিলেন একাধিকবার, মৃত্যুর পরও সেই বিতর্কই সঙ্গী সঙ্গীতশিল্পী জুবিন গর্গের! একদিকে যখন অসমজুড়ে ভূমিপুত্রের শেষকৃত্য হওয়া নিয়ে জোর তরজা, তখন অন্যদিকে জুবিনের রহস্যমৃত্যুতে ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
শুক্রবার সিঙ্গাপুরে মৃত্যু হয় গায়কের। প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, স্কুবা ডাইভিং করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন জুবিন। অচৈতন্য অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। ঘণ্টা দুয়েক আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি! হাসপাতালের বিছানাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জুবিন গর্গ। তবে এই ব্যাখ্যা মানতে নারাজ অসমবাসীদের একাংশ। ইতিমধ্যেই মরিগাওঁ থানায় উদ্যোক্তা শ্যামকানু মহন্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন জনৈক আইনজীবী রাতুল বোরা। এবার বিদেশের মাটিতে গায়কমৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
শনিবার সকালে হিমন্ত জানান, “আমরা সিঙ্গাপুর সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম যাতে, ময়নাতদন্ত না করা হয়। তবে অসমে যেহেতু মামলা রুজু হয়েছে, তদন্তের দাবিও উঠছে, তাই সিঙ্গাপুর প্রশাসন কোনও ঝুঁকি নিতে চায়নি। শনিবার ময়নাতদন্তের পরই ভারতীয় কর্তৃপক্ষের হাতে জুবিনের মরদেহ তুলে দেবে সিঙ্গাপুর প্রশাসন। তাঁরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। এদিকে অসম থেকে কোনও ‘অসৎ উদ্দেশে’ গায়ককে নিয়ে যাওয়া হয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখছে অসম পুলিশ।” তবে “সোশাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় গুঞ্জন, বৃহস্পতিবার রাতে এক পার্টিতে যোগ দিয়েছিলেন জুবিন। সেখানে কিছু হয়েছে কিনা, তেমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই প্রেক্ষিতেই চতুর্থ নর্থ ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা-সহ জুবিনের সঙ্গে এদিন যাঁরা ছিলেন, তাঁদের সকলেই তদন্তের আওতাভুক্ত।”
জানা গিয়েছে, সিঙ্গাপুর থেকে বিশেষ বিমানে ভায়া দিল্লি হয়ে শনিবার গভীর রাতে কিংবা রবিবার ভোরে গুয়াহাটিতে পৌঁছবে জুবিনের মরদেহ। প্রথমে গায়কের আদিবাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে একঘণ্টা রাখার পর সরুসোজাই স্টেডিয়ামে নিয়ে আসা হবে মরদেহ। যেখানে প্রিয় গায়ক, ভূমিপুত্রকে শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা।
