ওঙ্কার ডেস্ক: বিজয়া মানেই সিঁদুরখেলা। গ্ল্যামার দুনিয়ার অভিনেত্রীরা এই সিঁদুরখেলার দিন প্রায় সকলেই মেতে ওঠেন। তাঁদের সাজগোজ ফলো করে থাকেন সাধারণ মহিলারাও। বলিউড তারকাদের ভিড় লেগেই আছে নর্থ বম্বের মুখোপাধ্যায় পরিবারের তারকাখচিত পুজোতে। সেখানেই সব তারকার সিঁদুরখেলার ভিড়।
কিন্তু এবার বেশি নজর কাড়লেন তুলসী ওরফে স্মৃতি ইরানি। একাধারে তিনি অভিনেত্রী ও রাজনীতিবিদ। এছাড়াও ২৫ বছর পর, আবার ছোট পর্দায় নতুন ভাবে ফিরে এসেছেন তুলসী। স্মৃতি বাঙালি নন। কিন্তু খাঁটি বাঙালি সাজে সকলের মন কেড়ে নিলেন। লাল শাড়ি, হাতে শাঁখা-পালা, সিঁথিতে সিঁদুর আর গলায় সোনার হার, কানে কানপাশা। বাঙালি পরিবারের বধূ সেজে ঠাকুর বরণ করতে দেখা গেল স্মৃতিকে। বাংলাতেই বললেন ‘আবার এসো মা’। দিল্লীর বানজারা রোডের পুজোয় এই দেবীবরণ করলেন স্মৃতি। লাল শাড়িতে ঘোমটা দিয়ে একেবারে ঠাকুর প্রণাম করলেন স্মৃতি। দেবীবরণের বাঙালি রীতি মেনে পান পাতা আর সন্দেশ দিয়ে মা দুর্গাকে বিদায় জানালেন স্মৃতি। খাঁটি বাঙালি সাজ আর নম্রতা যে এখনও হালআমলের ফ্যাশনের থেকে এগিয়ে, তা সিঁদুরখেলতে এসে প্রমাণ করে দিলেন স্মৃতি।
