ওঙ্কার ডেস্ক: ভালবাসার আলাদা উদযাপনের দিন হিসাবে বাঙালি তেমনভাবে কোনদিনই বিশেষ পালন করেন না। আগে বাঙালির কাছে সরস্বতী পুজোই ছিল ভ্যালেন্টাইনস ডে। তবে সময়ের সাথে সাথে দিন বদলেছে মানুষের চিন্তাধারায়ও এসেছে পরিবর্তন। এখন প্রায় সকলেই এই সপ্তাহব্যাপী ভ্যালেন্টাইনস ডে পালনে মেতে ওঠেন। কারও কারও মতে ভালবাসার জন্য বা প্রিয় মানুষটিকে একটু স্পেশাল কিছু করলে যদি মন ভালো হয় তাহলে উদযাপনে তেমন আপত্তি নেই, তবে সবদিনই ভালোবাসার জন্য উপযুক্ত। এবার চলতি বছরে ভ্যালেন্টাইনস ডে’তেও মেতে উঠেছেন সকলেই, বাদ নেই শহর কলকাতাও। এই বিশেষ দিন অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে কলকাতায় আয়োজিত হয়েছিল এক বিশেষ অনুপ্রেরণামূলক অনুষ্ঠান। ‘টোরান লার্নিং কার্ভ এক্সপার্ট স্পিক’এর উদ্যোগে সম্প্রতি স্যাফরন গেস্ট হাউসে অনুষ্ঠিত হল ‘ভ্যালেন্টাইন ডে স্পেশাল’ ইন্টার্যাযক্টিভ সেশন।
‘লাভ ইয়োরসেলফ…দিস ভ্যালেন্টাইন’ মূলত এই বার্তাকে সামনে রেখেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ‘ম্যানে পেয়ার কিয়া’ খ্যাত বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী এবং তাঁর সঙ্গ দিতে হাজির হয়েছিলেন টলিউডের অন্যতম জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী, তথা প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত। তাদের ঘিরে মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
ভাগ্যশ্রী সাংবাদিকদের প্রশ্নে জানান নিজেকে ভালবাসা অতন্ত্য জরুরী। আলাদা করে ভালবাসার দিন তিনি উদযাপন করেন না, তাঁর স্বামী যে দিন গোলাপ-লকলেট দেন সেদিনই উদযাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সম্পাদক, কলামিস্ট ও বক্তা জীনা মিত্র বণিক। ভালোবাসার দিনে নিজেকে ভালোবাসার বার্তা দিতেই এই বিশেষ আয়োজন উদ্যোক্তাদের।
