ওঙ্কার ডেস্ক: একটু একটু করে প্রকাশ্যে আসছে সেই বহু প্রতীক্ষিত ছবির অংশ। দিন কয়েক আগেই সামনে এসেছিল ছবির মহরতের পোস্ট। এবার প্রকাশ্যে দেশু৭-এর অফিশিয়াল পোস্টার ও মুক্তির দিনক্ষণ। যেমন কথা তেমন কাজ এই পুজোতেই মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর ছবি ‘দেশু৭’।
রাস্তার ঠিক মাঝে উল্টে পড়ে একটি গাড়ি। তার উপর দাঁড়িয়ে রয়েছেন টলিপাড়ার দুই চর্চিত নায়ক নায়িকা, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দেব। এবার প্রকাশ্যে ‘দেশু ৭’ ছবির বিষয়ে আভাস দিতে দেখা গেল খোদ অভিনেতাকেই। প্রকাশ্যে এল ছবির অফিসিয়াল পোস্টার একইসঙ্গে এল মুক্তির দিনক্ষণও।
সম্প্রতি দেব নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ‘দেশু ৭’ -এর অফিসিয়াল পোস্টার। সেখানেই দেখা যাচ্ছে, একটি গাড়ি উল্টে পড়ে রয়েছে। তার উপর বন্দুক কাঁধে দাঁড়িয়ে দেব। তাঁর জামায় ও কপালে রক্ত লেগে। তাঁকে জড়িয়ে তাঁর চোখের দিকে চেয়ে রয়েছেন ছবির নায়িকা অর্থাৎ শুভশ্রী। তাঁরও ওড়না, চুড়িদার রক্তে মাখামাখি। নেপথ্যে রাজপথে জ্বলে রয়েছে নিয়নবাতি। দাউ দাউ করে জ্বলছে গাড়ি। ধোঁয়ায় ঢেকে চারিদিক। পোস্টার দেখেই আন্দাজ করাই যায় এটি রোমান্টিক ঘরানার ছবি হতে চলেছে। সঙ্গে থাকবে ভরপুর অ্যাকশনের ছোঁয়াও। প্রসঙ্গত, দেব ‘দেশু ৭’ ছবিটির অফিসিয়াল পোস্টার পোস্ট করে লেখেন, ‘ভালোবাসা সহজে হয় না। আর একবার হলে তাকে ছাড়া থাকা যায় না।’ কেবল পোস্টার নয়, এদিনই ঘোষণা করা হল কবে মুক্তি পাচ্ছে ছবিটি। আগামী ১৬ অক্টোবর, ঠিক পুজোর সময় বড়পর্দায় আসছে ‘দেশু ৭’। দেব, শুভশ্রীর ম্যাজিকে আরও একবার মাততে চলেছে বাঙালি দর্শকেরা। বলাই বাহুল্য জে, পোস্টার দেখেই মুগ্ধ দেব-শুভশ্রীর অনুরাগীমহল। ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ জানিয়েছেন, ‘একেবারেই অভাবনীয় কন্সেপ্ট।’ কেউ আবার লেখেন, ‘কী ফাটাফাটি পোস্টার হয়েছে গুরুদেব।’
উল্লেখ্য, দেবই ছবিটির পরিচালনা করছেন। প্রযোজনাও তাঁরই। এই প্রজেক্টে তাঁদের সঙ্গে রয়েছে এসএস ওআর সিনেমামস। ‘দেশু ৭’ ছবিটির গল্পও দেবেরই লেখা। মুখ্য ভূমিকায় দেব এবং শুভশ্রী গাঙ্গুলি ছাড়া দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকেও। ইতিমধ্যেই এই ছবির শুভ মহরত এবং শুটিং শুরু হয়ে গিয়েছে। পুজোর সময় ‘দেশু ৭’ -এর সঙ্গে সঙ্গেই মুক্তি পাবে সৃজিত মুখার্জির ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’, উইন্ডোজ প্রোডাকশন হাউজের ‘বহুরূপী ২: দ্য গোল্ডেন ডাকু’, জয়দীপ মুখার্জির ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’, ইত্যাদির মতো একাধিক আকর্ষনীয় ছবিগুলি। তাই পুজোয় যে একরকম হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তাঁর আঁচ পাওয়াই যাচ্ছে। এবার কোন ছবি দর্শকের পছন্দের কাছে জিতে যায় সেটাই দেখার।