ওঙ্কার ডেস্ক: একসময়ে তাঁদের প্রেম নিয়ে ব্যাপক চর্চা ছিল টলিপাড়ায়! তবে সেই চর্চা বহু বছর আগেই অতীত হয়েছে। মাঝের এক দশকে মান-অভিমান, বিতর্কের জল বহুদূর গড়ানোর পর এবার ফের একবার সিনেমার জন্য জুটি বেঁধেছেন দেব-শুভশ্রী। পুজোর পর্দায় ‘দেশু ৭’ অর্থাৎ নিজেদের সাত নম্বর সিনেমা উপহার দিতে চলেছেন তারকাজুটি। ঘোষণার পর থেকেই এই সিনেমা নিয়ে দর্শক, অনুরাগীমহলে উন্মদনার তুমুল মাত্রায়। রোম্যান্টিক অবতার তো বটেই, এমনকী কেমন চরিত্রে দেখা যাবে তাঁদের? দেখার জন্য অপেক্ষায় অনুরাগীরা। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি ফার্স্টলুক প্রকাশ্যে এনেছেন দেব-শুভশ্রী। এবার শুটিং থেকে জুটির মিষ্টি মুহূর্ত ফাঁস হতেই ভক্তদের কৌতূহল যেন দ্বিগুণ হয়ে উঠেছে।
সম্প্রতি ‘দেশু ৭’ ছবির যে ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে, তারই শুটের অংশ সেই ভিডিও। দীর্ঘদিন বাদে এক ছবিতে দেব-শুভশ্রী, অতঃপর ক্যামেরার পেছনে জুটির রসায়ন নিয়ে যে আলাদা কৌতূহল থাকবে, টা বলাই বাহুল্য। শুটিং সেটের ফাঁস হওয়া ভিডিওতে ধরা পড়ল সেই সমীকরণ। ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তায় উপর উলটে থাকা গাড়ির উপর দাঁড়িয়ে শট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন দেব-শুভশ্রী। অভিনেতার হাতে বন্দুক। দু’জনের পোশাকই একেবারে রক্তাক্ত। সেই ভিডিওতে নজর কেড়েছে আরও এক মুহুর্ত নিজের ওড়না দিয়ে দেবের ঘাম মুছিয়ে দিতে গেল তাঁর নায়িকাকে। আর এই জুটির এহেন মিষ্টি সমীকরণ দেখেই খুশির হাওয়া ভক্তমহলে। ‘দেশু ৭’-এর পোস্টারের ক্যাপশন ধার করেই তাঁদের মন্তব্য, “সত্যিই ভালোবাসা সহজে হয় না… আর একবার হলে, তাকে ছাড়া থাকা যায় না” ঠিক যেমনটা দেশু ৭-এর পয়লা পোস্টার প্রকাশ্যে এনে বলেছিলেন দেব-শুভশ্রী।
স্বাভাবিকভাবেই ওই ভাইরাল ভিডিওর মন্তব্যবাক্সে উল্লাসের জোয়ার ভক্তদের। কেউ সোজাসাপটা সিনেমার নাম জানতে চাইলেন তো কেউ বা স্টোরি লাইনের কৌতূহল মেটানোর আবদার রাখলেন। কেউ বা পুজোর পর্দায় ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার অপেক্ষায়। অতঃপর পুজোর বক্স অফিসে একগুচ্ছ সিনেমার ভিড়ে দেশু জুটি যে সাড়া ফেলতে চলেছে, তা আন্দাজ করাই যায়।