ওঙ্কার ডেস্ক: গত বছরে কর্মসূত্রে বেশ কয়েকবার কলকাতায় পাড়ি দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। কখনও শুটিংয়ের কারণে আবার কখনও সিনেমার প্রচারের ফাঁকে টলিপাড়ার পার্টি-প্রিমিয়ারেও অংশ হয়েছেন অভিনেত্রী। তবে রমজানের মরশুম শুরু হতেই বাংলাদেশে ফিরেছেন জয়া। সেই উদযাপনের ঝলক ভাগ করে নিলেন খোদ অভিনেত্রীই।
পবিত্র রমজানের মরশুম মানেই পদ্মাপাড়ে সাজসাজ রব। আমজনতার মতো ঢাকার সেলেব পাড়ার অন্দরেও গ্ল্যামারের সাজ। রকমারি পদ, ফলাহার, সুস্বাদু হালিমে জমাজমাট ইফতার। জয়া আহসানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। উৎসবের মরশুমে পরিজনদের নিয়ে খাওয়া দাওয়া আর জমাটি আড্ডায় মেতেছেন অভিনেত্রী। কাজ থেকে ফিরেই কাছের মানুষদের নিয়ে উৎসবে মেতেছেন। সম্প্রতি বোনের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন জয়া আহসান। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে ইফতারি আড্ডায় মেতে ওঠেন তিনি। নায়িকার শেয়ার করা ভিডিওতে দেখা গেল, টেবিলে সাজানো রকমারি পদ। ফ্রুট স্যালাড, হালিম, ভর্তা থেকে মুখরোচক ভাজাভুজি, শেষপাতে মিষ্টি… বাদ যায়নি কোনও কিছুই, মেনুতে রকমারি পদের বাহার। তবে জয়া জানালেন, তাঁর বোন খুব স্বাস্থ্য সচেতন। হেলদি ডায়েটে বিশ্বাসী। তাই সেকথা মাথায় রেখেই ইফতারের মেনুতে স্বাস্থ্যকর সব পদ ঠাঁই পেয়েছে। বিটরুট, গাজরের রস থেকে রকমারি মরশুমি ফল, মুড়ো ভর্তার মতো নানা পদ ছিল। জয়া নিজেও রোজা রাখছেন। পাশাপাশি পরিবারের জন্য হেঁশেলে রান্নাবান্নাও করছেন।
পরিবারের সদস্যদের নিয়ে খাওয়া দাওয়া গল্পে মেতে উঠেছে রমজান অনুষ্ঠান। নিজের হাতে রান্না, গল্প-গুজবে জমজমাট হয়ে উঠেছে জয়ার ইফতারের পার্টি।
