ওঙ্কার ডেস্ক: দু’ দশকের দাম্পত্যে ইতি। তারপর যাবতীয় ঝড়-ঝামেলার পর নীলাঞ্জনা বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে অনেকটাই স্থির। দুই মেয়ে সারা-জারাকে আঁকড়ে জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। নিজের মতো করে প্রযোজনার কাজেও মন দিয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘এক অধ্যায় সমাপ্তি’র কথা উল্লেখ করেছেন নীলাঞ্জনা শর্মা। আর সেই পোস্টই যেন যিশু সেনগুপ্তর সঙ্গে তাঁর পাকাপাকি আইনি বিচ্ছেদের জল্পনা উসকে দিয়েছে আবারও। যে পোস্টে মন্তব্য করেছেন টলিপাড়ার আরেক অভিনেত্রী বরখা বিস্তও।
প্রসঙ্গত, নীলাঞ্জনা পোস্টে লেখেন “অর্থহীন বলেই যে কোনও কিছু শেষ হচ্ছে, তেমনটা নয়। বরং সেটা থেকে যা শেখার ছিল, তা শেষ হয়েছে। আর এই অধ্যায়টা শেষ করার সময়ে আমার মনে শুধুই কৃতজ্ঞতা। নীরবেই আমার মধ্যে স্বাধীনচেতা বাড়িয়েছে। আমি নিজের কণ্ঠস্বর খুঁজে পেয়েছি।” পাশাপাশি লিখেছেন, “আমি নিজে কতটা কী পারি, সেটা শিখেছি। এই অধ্যায় আমার মধ্যে সাহস, স্পষ্টতা এবং নিজের প্রতি গভীর আস্থা এনেছে। এই সমাপ্তি আমি শ্রদ্ধা-সহকারে গ্রহণ করছি।”
উল্লেখ্য, এই পোস্টে সরাসরি ডিভোর্সের কথা উল্লেখ করেননি নীলঞ্জনা। তবে একাংশের অনুমান, এবার সম্ভবত আইনিভাবে যিশুর সঙ্গে সম্পর্কে ইতি টানলেন তিনি। অন্যদিকে চব্বিশ সালে যিশু-নীলাঞ্জনার ডিভোর্সের নেপথ্যে তৃতীয়জনের কথা শোনা গিয়েছিল। যদিও সবই আলোচনার পর্যায়ে, তাঁরা এবিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি এখনও পর্যন্ত। তবে বর্তমানে নীলাঞ্জনার এই পোস্ট নিয়ে চর্চা তুঙ্গে সমাজমাধ্যমে।
