ওঙ্কার ডেস্ক: বিনোদন জগতে ফের মনভার করা খবর। একে একে বিরতির পথ বেঁছে নিচ্ছেন তারকারা। এবার অভিনয়-লাইমলাইট থেকে নিজেকে অনির্দিষ্টকালের জন্য দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। কাজের একঘেয়েমি-ক্লান্তি থেকেই এমন সিদ্ধান্ত তাঁর।
বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। তিনি বলেন, “দিনের পর দিন একই কাজ করে এখন একঘেয়েমি এসেছে সঙ্গে রয়েছে ক্লান্তি। যা তাঁকে অভিনয় থেকে বিরতি নিতে বাধ্য করছে। বিগত কিছু সময় ধরে একের পর এক প্রজেক্টে কাজ করেছেন তিনি। সেই ব্যস্ততা একসময় কাজের প্রতি আগ্রহ কমাতে শুরু করে। ফলে নিজের মানসিকতা ঠিক রাখতে এবং অভিনয়ের আনন্দ ফিরে পেতে তিনি নিজেই এই সিদ্ধান্তে এসেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, “আমি টানা কাজ করছিলাম। একটা সময় মনে হচ্ছিল আর কোনও নতুনত্ব নেই। কাজ উপভোগ করতে পারছিলাম না। তাই বিরতি নেওয়া খুব জরুরি হয়ে পড়েছিল।” তিনি আরও বলেন, এখন তিনি আগের চেয়ে বেশি বেছে বেছে কাজ করেন। কেবল সেই কাজই তিনি করতে চান যার প্রতি সত্যিই টান অনুভব করেন। তাঁর কথায়, “আমি এমন প্রজেক্ট করতে চাই না, যা শুধু আমার আর্থিক দায় মেটানোর জন্য করতে হয়। কাজ মানে উত্তেজনা, নতুন কিছু শেখার সুযোগ। না হলে সেই কাজ আমি করব না।”
উল্লেখ্য, গত বছর পঙ্কজ ত্রিপাঠীর একটি সিনেমা ‘মেট্রো ইন দিনো’ এবং একটি ওয়েবসিরিজ ‘ক্রিমিনাল জাস্টিস’এ অভিনয় করেছিলেন। “টানা ৩০ দিন শুটিং করলে যে ক্লান্তি আসে, সেটা সহ্য করা অসম্ভব। আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম,” বলেন অভিনেতা। দীর্ঘ ব্যস্ত শুটিং-রুটিন তাঁকে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করেছিল বলেই জানান তিনি।
