ওঙ্কার ডেস্ক: ৯ কোটি টাকার চেক-বাউন্স মামলায় বড়সর ধাক্কা খেলেন অভিনেতা রাজপাল যাদব। এবার দিল্লি হাই কোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল। ফলে আপাতত তিহার জেলেই থাকতে হবে তাঁকে। পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে সোমবার। ইতিমধ্যেই গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বলিউডের কয়েকজন অভিনেতা অর্থ সাহায্যের হাত বাড়িয়েছেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বারবার প্রতিশ্রুতি দিয়েও পূরণ করতে না পারায় আদালত এমনই কঠোর অবস্থান নিয়েছে। এমনকি বাড়িতে বিয়ের অনুষ্ঠান রয়েছে, এমন কারণও দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন রাজপাল। কিন্তু সেই আবেদনও উচ্চ আদালতে গ্রহণযোগ্য হয়নি, উল্টে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে তাঁকে। ফলে আরও অন্তত চার রাত তিহার জেলে কাটাতে হবে অভিনেতাকে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি তিহার জেলে আত্মসমর্পণ করেছিলেন রাজপাল। এর আগে ২০১৮ সালের এপ্রিলে ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন জানান তিনি। যদিও কিছু অর্থ পরিশোধ করেছিলেন, তবু এখনও প্রায় ৯ কোটি টাকা বকেয়া রয়েছে বলেই খবর সামনে এসেছে। প্রসঙ্গত, এর আগেও কয়েকদিন তিহার জেলে ছিলেন রাজপাল। পরে জামিন পেয়েছিলেন তিনি। তবে বর্তমান পরিস্থিতিতে আবারও তাঁকে জেল হেফাজতেই থাকার নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, ‘আতা পাতা লাপাতা’ ছবির প্রযোজনার জন্য ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় সেই ঋণ শোধ করতে বিপাকে পড়েন অভিনেতা। পরবর্তীতে বিষয়টি আদালতে গড়ায় এবং আইনি জটিলতার জেরেই তাঁকে জেল খাটতে হয়।
