ওঙ্কার ডেস্ক: ৯ কোটির চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে ১১ দিন পর তিহাড় জেল থেকে মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। জেল থেকে বেরিয়েই প্রথমে পৈতৃক বাড়িতে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। সেই অধ্যায় শেষ হতে না হতেই ফের বিনোদুনিয়ায় কাজের সুযোগ হাতে পান অভিনেতা। আর এবার সেই নতুন পথচলার সঙ্গে নতুন অধ্যায় শুরু করলেন রাজপাল, চালু করলেন নিজস্ব ইউটিউব চ্যানেল।
প্রসঙ্গত, এদিন সোশাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন অভিনেতা। ভিডিওয় তিনি বলেন, “নমস্কার বন্ধুরা, আমি আপনাদের রাজপাল। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি একেবারে নতুন কাজ শুরু করতে চলেছি। আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছা চাই। আজ থেকে আমার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হল। চ্যানেলের নাম ‘রাজপাল নৌরং যাদব’। আট থেকে আশি সব বয়সের মানুষের জন্য থাকবে বিনোদনমূলক ভিডিও। ভালো কনটেন্ট দেওয়ার চেষ্টা করব, যাতে সবাই আমার ভিডিও উপভোগ করতে পারেন।”
জেলমুক্তির পর পারিবারিক দায়িত্ব সামলে খুব দ্রুতই কাজে ফিরছেন রাজপাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, বহুদিন ধরেই সোশাল মিডিয়ায় তাঁর ছবি ও কণ্ঠস্বরের অপব্যবহার লক্ষ্য করছিলেন। তখন থেকেই নিজস্ব কিছু শুরু করার ভাবনা মাথায় আসে। তখনই সিদ্ধান্ত পাকা হয় নিজের ইউটিউব চ্যানেলই হবে সেই নতুন মঞ্চ। “আমি সত্যিই আপ্লুত। একটা কঠিন সময় পেরিয়েছি। দর্শকেরা আমার পাশে দাঁড়িয়েছেন, তা ভোলার নয়,” বলেন রাজপাল।
উল্লেখ্য, জেলের সেই অভিশপ্ত রাতই যেন রাজপালের জীবনে নতুন দিশা খুলে দিয়েছে তা প্রমাণিত হয়েছে বললেও অত্যুক্তি হবে না। তাঁর দুঃসময়ের কথা শুনে বলিউডের একাধিক তারকা ও নির্মাতা এগিয়ে আসেন। বিজ্ঞাপন, মিউজিক ভিডিও এবং সিনেমার প্রস্তাব আসতে শুরু করে একাংশের তরফে। বর্তমানে তাঁর এই নতুন কাজের হদিশে খুশি তাঁর ভক্তরা। নতুন ভাবে রাজপালকে দেখার অপেক্ষায় অনুরাগীরা।
