ওঙ্কার ডেস্ক: সদ্যই চারহাত এক হয়েছে রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তির। বিয়ের দিনকয়েক গড়াতেই কাজে ফিরেছেন শ্যামৌপ্তি। এবার পালা রণজয়ের। শোনা যাচ্ছে, তিনিও এবার কাজে ফিরতে চলেছেন। টলিপাড়ার অন্দরের খবর এবার নাকি স্টার জলসার সঙ্গে জোট বাঁধছে তাঁর। কিন্তু রণজয়ের বিপরীতে থাকবেন কোন নায়িকা? প্রশ্ন উঠেছে সেই নিয়েই।
সেই খবরও ইতিমধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে। জল্পনা এবার হয়তো ‘তোমাদের রাণী’ খ্যাত অভিকা মালাকারের সঙ্গে জুটি বাঁধতে রণজয়। ইতিমধ্যেই নাকি লুক সেট হয়ে গিয়েছে আসন্ন এই ধারাবাহিকের। খুব শীঘ্রই হবে প্রোমো শুটিং। এই প্রথমবার রণজয় ও অভিকাকে জুটি হিসেবে দেখতে পারেন দর্শক। অভিকা স্টার জলসার ধারাবাহিক ‘তোমাদের রাণী’র মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দর্শক মহলে। এমনকী এই ধারাবাহিকের হিন্দি রিমেকের মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল। তারপর আর ছোটপর্দায় দেখা যায়নি তাঁকে। বরং কিছুদিন আগেই প্রথমবার বড়পর্দায় কাজ করেছেন অভিকা। অন্যদিকে রণজয়ের হাতেও রয়েছে একাধিক ছবির কাজ। এর মধ্যেই ছোটপর্দায় ফিরছেন অভিনেতা। এবার অভিকার সঙ্গে জুটি বেঁধে ঠিক কোন গল্প বলবেন তিনি, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ধারাবাহিকের গল্পে যে প্রেমের ছোঁয়া থাকবেই তা আন্দাজ করছেন অনুরাগীরা।
