ওঙ্কার ডেস্ক: ধুরন্ধর ২-এর সাফল্যের মাঝেই এবার আলোচনায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ছবিতে এসপি চৌধুরীর চরিত্রে তাঁর অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। কিন্তু এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে পরিবারের সঙ্গে বেরোতে গিয়ে পাপারাজ্জিদের উপর বিরক্ত হতে দেখা গিয়েছে তাঁকে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্ত্রী মান্যতা দত্ত এবং দুই সন্তানকে নিয়ে গাড়ি থেকে নামছেন অভিনেতা। সেই সময় পাপারাজ্জিরা তাঁদের প্রায় ঘিরে ধরে ভিডিও তুলতে শুরু করেন। পরিবারের সঙ্গে ব্যক্তিগত সময় ক্যামেরা দেখে স্পষ্ট বিরক্ত হতে দেখা যায় অভিনেতাকে। হঠাৎই তাঁদের দিকে তাকিয়ে চিৎকার করে বলেন, “বন্ধ কর না বে…” সঙ্গে সঙ্গেই ক্যামেরা বন্ধ করার নির্দেশও দেন। মুহূর্তের মধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় অনেকেই নানা প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ মজার ছলে লিখেছেন, “সঞ্জয় দত্ত বলিউডের আন্ডারটেকার।” আবার কেউ পাপারাজ্জিদের উদ্দেশেও মন্তব্য করেছেন, “মিল গয়া প্রসাদ।” ধুরন্ধর 2-এর সাফল্যের মধ্যেই সামনে এসেছে সঞ্জয় দত্তের নতুন ছবি ‘আখরি সাওয়াল’-এর ফার্স্ট লুক। আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি রয়েছে এই ছবির। ছবিটি পরিচালনায় রয়েছেন অভিজিৎ মোহন ওয়ারাং।
২০০৮ সালে মান্যতা দত্তকে বিয়ে করেন সঞ্জয় দত্ত। যমজ সন্তান রয়েছে তাঁদের শহরান দত্ত এবং মেয়ে ইকরা দত্ত। সঞ্জয় দত্তের পরিবার দীর্ঘদিন ধরেই বলিউডের সঙ্গে যুক্ত। তবে পাপারাজ্জিদের দেখে বিরক্তি প্রকাশ করার ঘটনা নতুন নয়। এর আগেও বহু অভিনেতা-অভিনেত্রীদেরও এই ধরনের প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে।