ওঙ্কার ডেস্ক: বঙ্গে ভোটের প্রস্তুতি তুঙ্গে। এরই মাঝে টলিউডে চাঞ্চল্যকর খবর। কবি সাহিত্যিক শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা। জানা গিয়েছে, একটি পুরোনো মামলার জেরেই নাকি এই গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। নির্বাচনের আগেই কবিকে গ্রেপ্তারের নির্দেশ দিল আদালত। খবরটি চাউর হওয়ার পরই তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সাহিত্য সংস্কৃতি মহলে।
সূত্রের খবর, কয়েক বছর আগের এক পুরনো মামলার জেরেই গ্রেপ্তারির মুখে শ্রীজাত। পাশাপাশি এই ঘটনায় কার্যত বিস্ময় প্রকাশ করেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। একজন জনপ্রিয় কবিকে বর্তমান সময়ে গ্রেফতারির পিছনে কী কারণ থাকতে পারে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। বেশ কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি কবিতা নিয়ে তুমুল বিতর্ক ওঠে। তা নিয়ে বেশ কিছু আদালতে মামলাও ওঠে। অন্যদিকে, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার জন্যেই এহেন পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ছাব্বিশের বিধানসভা ভোটে কমিশনের এহেন নজিরবিহীন কড়াকড়ি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বাংলার ওয়াকিবহালমহল। বর্তমানে এই জল কতদূর গড়ায় সেদিকেই নজর সকলের।