ওঙ্কার ডেস্ক: একটু একটু করে হাঁটতে হাঁটতে জি বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিক পার করল ৬০০ পর্ব। ২০২৪ সালের নভেম্বর থেকে পথ চলা শুরু হয়েছিল এই মেগার। গ্রামের এক মেয়ের কলকাতায় পড়তে আসার গল্প দিয়ে শুরু হয় ‘পরিণীতা’। এরপর ধারাবাহিকে নানা চমক, মোড় এসেছে বারংবার। আর তার সঙ্গে এবার দেখতে দেখতে ৬০০ পর্বও পার করে ফেলল ঈশানী চট্টোপাধ্যায়, উদয় প্রতাপ সিং অভিনীত এই ধারাবাহিক।
সম্প্রতি ‘পরিণীতা’র ৬০০ পর্বের উদযাপনে হাজির ছিল ধারাবাহিকের গোটা টিম। হইহই করে কেক কেটে উদযাপন করা হয় ‘পরিণীতা’র এই সাফল্য। কেক কেটে পর্দার রায়ান নিজের হাতেই পারুলকে খাইয়ে দিল কেক, সেই ছবিও ক্যামেরা এড়ায়নি। তাতেও গল্পের মতো ব্যাঘাত ঘটাতে চলে আসে শিরিন। হাসি, মজায় জমজমাট ছিল তাঁদের সেলিব্রেশন।
তবে আসল চমক অন্য জায়গায়, ধারাবাহিক ৬০০ পর্ব পার করতেই পারুলের জন্য বিশেষ উপহার নিয়ে আসতে দেখা যায় রায়ানকে। কী এমন উপহার দিল রায়ান সেটাই ভাবছেন নিশ্চয়ই? তা হল আংটি। শুধু যে উপহার এনেছেন তা নয়, নিজের হাতে সেটা পরিয়েও দেয় পর্দার নায়ক। আর ৬০০ পর্বের সেলিব্রেশন হবে খাওয়া দাওয়া হবে না, তা কি সম্ভব? ভাত, পোলাও, শুক্ত, ফিশ ফ্রাই, মাটন সবই ছিল তালিকায়।
ধারাবাহিক এমন সাফল্য উদয় জানান, “যখন শুরু হয়েছিল তখন এগুলো কিছু এক্সপেক্ট করিনি যে ৬০০ টা এপিসোড আমরা এভাবে দাঁড়িয়ে থাকব। সেখান থেকে এই শোয়ের অংশ হয়ে, এমন একটা দাঁড়িয়ে অবশ্যই ভীষণ ভাল লাগছে।” পাশাপাশি, ঈশানির কথায়, “যখনই শুট করি প্রতিদিন ফ্রেশ মনে হয়। সবসময় মনে হয় এই তো শুরু হল। কিন্তু যখন পিছু ফিরে দেখি, তখন মনে হয় অনেকটা সময় পার করে এসেছি।”
প্রসঙ্গত, ‘পরিণীতা’ জি বাংলার অন্যতম সুপারহিট মেগা। প্রায় দেড় বছর পরও এটি ক্রমাগত টিআরপি তালিকায় হয় প্রথম বা দ্বিতীয় স্থানে থেকে এসেছে। শুরু থেকেই নানা চমক, খুনসুটি অ্যাকশনে মিলে দর্শকের ভালোবাসা ও নজর দুই-ই জিতে নিয়েছে এই মেগা। বর্তমানে মা হতে চলেছে পারুল, অন্যদিকে মা’কে নিয়ে শুরু হয়েছে তাঁর নতুন লড়াই। রায়ান মুখ থেকে ভালোবাসার কথা জানতে পারলেও দুজনের সম্পর্ক এখনও তক-ঝাল-মিষ্টি বলাই চলে। তাই আগামী দিনে বসু পরিবার ও রায়ান-পারুলের সম্পর্ক কোন দিকে মোড় নেয় তাঁর জন্য কৌতুহলী দর্শক ও অনুরাগীমহল।