ওঙ্কার ডেস্কঃ প্রবল বর্ষণের জেরে ফের ভূমিধসে অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। বৃহস্পতিবার ভোরে সেভক কালী মন্দিরের কাছে ধস নামে। শিলিগুড়ি থেকে গ্যাংটক ও কালিম্পংয়ে সোজা পথে যাতায়াত বন্ধ। ইতিমধ্যে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। কাজ শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায়।
জাতীয় সড়ক বন্ধ থাকায় দু’দিকে যানজট দীর্ঘ হয়েছে। নাকাল দশা পর্যটকদের। আটকে পড়েছে প্রচুর গাড়ি। এহেন পরিস্থিতিতে ছোট গাড়িগুলো দার্জিলিং জেলা পুলিশ গজলডোবা-করোনেশন সেতু-মংপং রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছে। ভারী গাড়িগুলো গরুবাথান-মুনসং রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে শুধু সেভক কালী মন্দিরের কাছে নয়, বুধবার রাতে ভূমিধস নেমে সিকিমের মেল্লি-জোরথাং রোড অবরুদ্ধ হয়েছে।
সিকিম প্রশাসনের তরফে গাড়ি চালকদের সতর্ক করা হয়েছে। ভয়ঙ্কর ভূমিধস নেমেছে ১০ নম্বর জাতীয় সড়কের ২০ মাইল এলাকাতেও। স্থানীয়দের বাসিন্দাদের কাছেও এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ধসের কারণে মাঝেমধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে এই রাস্তা।