ওঙ্কার ডেস্ক: সমাজমাধ্যমে সোনু নিগমের পোস্ট ঘিরে চর্চা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় তাঁর বার্তা, “কেন মার খাওয়ার মতো কাজ করেন? এ বার বাঁচালাম। প্রত্যেক বার বাঁচাতে পারব না।” কেন এমন বার্তা গায়কের? এ বারের মতো বিষয়টি ঠান্ডা মাথায় সামলে নিলেও প্রত্যেকবার তা সম্ভব নয়।
খবর, কোলাপুরে মঞ্চানুষ্ঠান করতে গিয়েই আসল বিপত্তি। গায়ক তখন মঞ্চে গান গাইছেন। মাঝপথে এক অনুরাগী হঠাৎ লাফিয়ে উঠে পড়েন সোজা মঞ্চে। জোর করে পা ছুঁতে চান গায়কের। তখনই গান থামিয়ে দেন সোনু। প্রায় সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরাও এগিয়ে আসেন। কিন্তু, সোনু তাঁদের থামিয়ে দেন। বদলে তিনি ভক্তকে কাছেই টেনে নিয়েছিলেন। তাঁকে মঞ্চে গাওয়ার সুযোগও করে দেন। সেই যুবক মঞ্চে তাঁর প্রিয় গায়কের গান পরিবেশন করেন। গেয়ে ওঠেন ‘তু নে তো, পল ভর মে, চোরি কিয়া রে জিয়া’। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই বদলে যায় চারপাশ। উপস্থিত দর্শক-শ্রোতারা সোনুর এই আচরণের বেশ প্রসংশা করেন। গান শেষ করে ভক্ত মঞ্চ থেকে নেমে গেলে আবার শুরু হয় অনুষ্ঠান। সোনুও মজার অঙ্গভঙ্গি করে ওঠেন। মঞ্চের সেই মুহূর্ত পরে সমাজমাধ্যমে ভাগ করে নেন তিনি। সেখানেও অনুরাগীরা প্রশংসাই করেন তাঁর।
কিন্তু ছড়িয়ে পড়া ভিডিয়ো ভাগ করে নেওয়ার সময়েই ক্যাপশনেই হুঁশিয়ারি বার্তাটি লেখেন সোনু। তাঁর বক্তব্য থেকে স্পষ্ট, যে গানের মাঝখানে এরকম বাধা পড়লে অসুবিধাই হয় গায়কদের। তাই ভক্তদের এমন আচরণ একেবারেই কাম্য নয়। পাশাপাশি শিল্পীর মানসিকতা সব সময়ে এক রকম থাকে না। ফলে, এই ধরনের ঘটনা নিয়মিত ঘটতে থাকলে রোজ তাঁদের পক্ষেও বিষয়টি ঠান্ডা মাথায় সামলানো সম্ভব নয়।