ওঙ্কার ডেস্ক: টেলিভিশনের ধারাবাহিক মানেই দর্শকের মানে তা নিয়ে থাকে অন্যরকম উত্তেজনা। নিজের পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের আরও কাছ থেকে দেখেন তাঁরা। তবে বাংলা টেলিভিশনের পর্দায় বর্তমানে নতুন নতুন ধারাবাহিকের ভিড়। দর্শকদের মন জয় করতে একের পর এক নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন চ্যানেল। এবার সেই ধারাবাহিক তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি মেগা। আর তা নিয়েই সামনে এল বিশেষ খবর, ফের বহু বছর পর স্টার জলসার পর্দায় ফিরতে চলেছেন জনপ্রিয় অভিনেতা টলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকছেন টলিপাড়ারই আরও এক বর্ষীয়ান অভিনেতা শুভাশিষ মুখোপাধ্যায়।
দীর্ঘ কয়েক বছর পর আবারও পরাণ বন্দ্যোপাধ্যায়ের এই ফিরে আসার খবরে টেলিভিশনের দর্শকদের কাছে বড়ই সুখবর। বহুদিন ধরে বড় পর্দা ও মঞ্চে ব্যস্ত থাকার পর এবার আবার ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের কাছে আসতে চলেছেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে তিনি অসংখ্য জনপ্রিয় ছবি ও নাটকে অভিনয় করেছেন এবং প্রতিটি চরিত্রেই বারবার দর্শকের মন জয় করেছেন তিনি।
জানা যাচ্ছে, স্টার জলসার আসন্ন ধারাবাহিক সংসারের সংকীর্তন-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে এই বর্ষীয়ান তারকাদের। ধারাবাহিকটির প্রযোজনায় রয়েছে ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা। এবার এই প্রযোজনা সংস্থাও প্রথমবারের মত ধারাবাহিকে পা রাখছে। ইতিমধ্যেই ধারাবাহিকটির মহরত সম্পন্ন হয়ে গিয়েছে। মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী মানালি দে এবং অভিনেতা সব্যসাচী চৌধুরী। এই প্রথমবার তাঁরাও জুটি হিসেবে একসঙ্গে ছোটপর্দায় কাজ করবেন। যদিও ধারাবাহিকের সম্প্রচারের তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। বর্তমানে এই খবরে দর্শকেরা বেশ কৌতুহলী, কেমন হবে এই গল্প কেমন চরিত্রেই বা দেখা যাবে অভিনেতা অভিনেত্রীদের তা জানার জন্য বর্তমানে অপেক্ষায় অনুরাগীরা।
