ওঙ্কার ডেস্ক: বিবাহ বহির্ভূত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেমিকার সঙ্গে মিলে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল রাজস্থানের বিজেপি নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, নিজেরা বাঁচতে ডাকাতির গল্প ফাঁদে তারা। যদিও ঘটনার তদন্তে নেমে বিজেপি নেতা এবং তাঁর প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বিজেপি নেতার নাম রোহিত সৈনি। ঋতু নামে এক মহিলার সঙ্গে তাঁর প্রণয়ের সম্পর্ক ছিল দীর্ঘ দিনের। নিজের বিবাহ বহির্ভূত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর স্ত্রী সঞ্জুকে খুন করা হয়েছে বলে অভিযোগ। সঞ্জুকে খুনের ঘটনায় রোহিতের প্রেমিকা ঋতুও যুক্ত ছিল বলে দাবি পুলিশের। ঋতুই সঞ্জুকে খুনের জন্য প্ররোচনা দিয়েছিল। গত ১০ আগস্ট বিজেপি নেতার স্ত্রী খুন হন। বিষয়টি থেকে নজর ঘোরাতে রোহিত প্রতিবেশীদের বলে, বাড়িতে ডাকাতি হয়েছে। সেই দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে খুন হন সঞ্জু। কিন্তু বিজেপি নেতার এমন দাবিতে সন্দেহ হয় সঞ্জুর আত্মীয় এবং পড়শিদের। ঘটনার তদন্তে নেমে বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আরও বেশ কয়েক জন প্রতিবেশীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশি জেরায় বিজেপি নেতার কথায় অসঙ্গতি লক্ষ্য করেন তদন্তকারীরা। এর পর চাপের মুখে নিজের অপরাধের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত।
তদন্তকারীরা জানিয়েছেন, রোহিত জেরায় জানিয়েছে ঋতুর সঙ্গে তার দীর্ঘ দিনের প্রণয়ের সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কের কথা জানতে পেরেছিলেন সঞ্জু। এর পর থেকে অশান্তি বাড়তে থাকে তাদের মধ্যে। অবশেষে স্ত্রীকে মেরে ফেলার পরামর্শ দেয় ঋতুই।
