ওঙ্কার ডেস্ক: রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটা একাধিক ধর্ষণ মামলার প্রেক্ষিতে পুলিশকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার সর্বোচ্চ আদালত দিল্লি পুলিশকে মনে করিয়ে দিয়েছে, যৌন অপরাধপ্রবণ পুরুষদের মনে তীব্র ভয় তৈরি করা প্রয়োজন। যাতে অপরাধ রোখা যায়। আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে, প্রথমে এমন কলেজগুলোকে লক্ষ্য করতে হবে যেখানে অসামাজিক যুবকরা ছাত্রীদের উত্যক্ত করে। এরপর নজর দিতে হবে দিল্লিতে ছড়িয়ে থাকা হাজার হাজার অবৈধ খাবারের দোকান বা আড্ডার ঠেকের ওপর। কারণ এই সমস্ত জায়গায় অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভিড় জমায় এবং মদ্যপান করে।
সুপ্রিম কোর্ট অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছে, যতক্ষণ না পুলিশ অসামাজিক ব্যক্তিদের মনে এই ভয় জাগাতে পারছে যে যৌন অপরাধ করলে তাদের নিশ্চিত মৃত্যু হবে—ততক্ষণ পর্যন্ত এ ধরনের অপরাধ ঘটতেই থাকবে। সুপ্রিম কোর্ট বলেছে, ‘অসামাজিক ব্যক্তিদের মনে যদি ‘এখন কিছু করলে মরতে হবে’—এমন ভয় সৃষ্টি না করা যায়, তবে আপনারা এ ধরনের অপরাধ রুখতে পারবেন না।’ দক্ষিণ দিল্লির একটি পার্কে গণধর্ষণের ঘটনার প্রসঙ্গ টেনে সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশের কাছে জানতে চেয়েছে, এ ক্ষেত্রে যে ধরনের সক্রিয় পদক্ষেপ নেওয়া উচিত ছিল, তা নেওয়া হয়েছিল কি না।
বিচারপতি জেবি পারদিওয়ালার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ বলেছে, ‘বলা হচ্ছে, এই দুর্ভাগ্যজনক ঘটনাটির ক্ষেত্রেও অপরাধীদের বিষয়ে আপনাদের আগেই সতর্ক করা হয়েছিল।’ তিনি প্রশ্ন করেন, ‘আপনারা কীভাবে এ ধরনের অপরাধ রুখবেন? আমরা নিশ্চিত করতে চাই এ ধরনের অপরাধ যেন বন্ধ হয়। আমরা সবাই মিলে কাজ করলে পরিস্থিতির পরিবর্তন আনা সম্ভব।’ তিনি রাজধানীতে এই সমস্যা মোকাবিলার জন্য একটি ‘ওয়ার রুম’ বা বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ তৈরির বিষয়ে পুলিশের কাছে তথ্য চেয়েছেন।