ওঙ্কার ডেস্কঃ বাংলায় পালাবদলের পর বারাকপুর এলাকায় একাধিক বন্ধ জুটমিল খুলতে শুরু করেছে। রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগে বন্ধ জুটমিল খোলা শুরু হয়েছে। সূত্রের খবর, এবার হুগলির ৪ টি জুটমিল খুলতে চলেছে। চন্দননগরের গোন্দলপাড়া, শ্রীরামপুরের ইন্ডিয়া, এবং রিষড়ার হেস্টিংস ও ওয়েলিংটন জুটমিল খুলবে। জুটমিল খোলার কথা শুনেই আশায় বুক বেঁধেছেন হাজার হাজার শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা।
শ্রীরামপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বলেন, “সরকার জুটশিল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এবার হুগলি জেলায় চারটি জুটমিল খুলবে। নিশ্চিতভাবেই শ্রমিকদের মুখে হাসি ফুটবে। পাশাপাশি আমরা মালিকদের কাছে জুটমিলের শ্রমিক মহল্লাগুলিরও উন্নয়নে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। মিল, কলকারখানা ভালোভাবে চালাতে আগামী দিনে সরকার সব ধরনের সহযোগিতা করবে।”
শ্রমমন্ত্রী হওয়ার পর থেকে অর্জুন সিং জুটমিল মালিকদের সঙ্গে বৈঠক করছেন। সেখানেই এই সাফল্য, মনে করছে ওয়াকিবহাল মহল। জুটমিলের শ্রমিক প্রমোদ মণ্ডল বলেন, “জুটমিল বছরে ছয় থেকে সাত মাস বন্ধ থাকে। আশা করি, নতুন সরকারের আমলে সেই সমস্যা মিটবে। এই সরকারের প্রতি আমাদের ভরসা আছে।”