ওঙ্কার ডেস্ক: অযোধ্যার রাম মন্দিরে চুরির ঘটনায় আগেই মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই আর্জির প্রেক্ষিতে মামলা শুনতে রাজি হল সর্বোচ্চ আদালত। আগামী ১৩ জুলাই প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে ভারতের অন্যতম বড় ধর্মস্থানে চুরি সংক্রান্ত মামলার শুনানি হবে।
রাম মন্দিরে চুরির ঘটনায় গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছে। তদন্তের জন্য উত্তরপ্রদেশ পুলিশ ‘সিট গঠন করেছে। যদিও সিটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে অনেকে। সিবিআই তদন্তের দাবিতে তিনটি মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। শুক্রবার একাধিক সূত্রের তরফে দাবি করা হয়েছে, রাম মন্দিরে অনুদান চুরি সংক্রান্ত ওই তিন মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। আগামী ১৩ জুলাই প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হবে।
উল্লেখ্য অযোধ্যার রাম মন্দিরে তিন হাজার কোটি টাকার চুরি হয়েছে বলে অভিযোগ। এত বড় চুরি কাণ্ডে প্রশ্নের মুখে শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যরা। ঘটনায় মুখ পুড়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারেরও। যদিও এই চুরির তদন্তের জন্য সিট গঠন করেছে যোগী সরকার। তদন্তে নেমে আট জনকে গ্রেফতার করা হয়। শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধানের পদ থেকে ইস্তফা দেন চম্পত রাই। তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। এই আবহে রাম মন্দিরে চুরির মামলা সুপ্রিম কোর্টে ওঠায় অস্বস্তি বাড়ল পদ্ম শিবিরের। সর্বোচ্চ আদালত কী পর্যবেক্ষণ জানায় আপাতত সেদিকেই নজর দেশবাসীর।