শীতকাল মানেই বাজারে টাটকা ফুলকপির সমাহার। ফুলকপি দিয়ে নানা ধরনের নিরামিষ পদ তো অনেকেই রান্না করেন। কিন্তু একই ফুলকপির পদে যদি মিশিয়ে দেওয়া যায় মাংসের স্বাদ, তাহলে কেমন হয়? বাড়ির সাধারণ ফুলকপির তরকারিকেই খুব সহজে বানিয়ে নিতে পারেন সুস্বাদু আমিষ পদ। আজ রইল ফুলকপি দিয়ে মাংসের একটি দুর্দান্ত রেসিপি, যা দুপুরের ভাত কিংবা রাতের খাবারে জমিয়ে দেবে আপনার পাত।
উপকরণ:
ফুলকপি একটি মাঝারি আকারের
মুরগির মাংস ৫০০ গ্রাম
আলু ২টি
পেঁয়াজ কুচি ২টি
টমেটো ১টি
আদা-রসুন বাটা ২ টেবিল চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামচ
লঙ্কার গুঁড়ো ১ চা চামচ
জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো ১ চা চামচ করে
গরম মশলা আধা চা চামচ
তেজপাতা, গোটা জিরে ও শুকনো লঙ্কা
সর্ষের তেল, নুন ও চিনি স্বাদমতো
প্রণালী:
প্রথমে ফুলকপি ভালো করে ধুয়ে মাঝারি আকারে কেটে নিন। আলুও টুকরো করে কেটে রাখুন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ফুলকপির টুকরোগুলিতে সামান্য হলুদ ও নুন মাখিয়ে হালকা লালচে করে ভেজে তুলে রাখুন। একইভাবে আলুগুলিও ভেজে নিন।
এরপর কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে তেজপাতা, গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে নিন। এবার আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। তার মধ্যে মুরগির মাংস, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও নুন দিয়ে মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ কষান।
মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। এবার ভাজা আলু ও ফুলকপি দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। প্রয়োজনমতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করুন, যতক্ষণ না মুরগির মাংস ও ফুলকপি দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
সবশেষে গরম মশলা ও সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিন।
ব্যস, তৈরি ফুলকপি দিয়ে মুরগির মাংসের সুস্বাদু আমিষ পদ। গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন এই অসাধারণ রান্না। সাধারণ ফুলকপির নিরামিষ পদে মাংসের ছোঁয়া এনে পরিবারের সকলের মন জয় করতে এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন।