নিজস্ব প্রতিনিধি, চন্দননগর: চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে অন্যতম আদি হালদারপাড়ার জগদ্ধাত্রী পুজো। প্রায় ৩০০ বছরের প্রাচীন এই পুজো চন্দননগরের দ্বিতীয় প্রাচীনতম পুজো বলেই পরিচিত। ঐতিহ্যের ধারাকে বজায় রেখেই প্রতি বছরের মতো এ বছরও দর্শনার্থীদের জন্য এক অভিনব ভাবনা নিয়ে হাজির হয়েছেন পুজো উদ্যোক্তারা। এ বছরের মণ্ডপসজ্জার ভাবনা ‘অক্ষৌহিনী’। মহাভারতের প্রেক্ষাপটকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে সমগ্র মণ্ডপ।
পুজো কমিটির এই বিশেষ ভাবনার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে মহাভারতের ১৮টি অধ্যায়ের নানা প্রেক্ষাপট। মহাভারতের সৃষ্টি থেকে সমাপ্তি, আদি থেকে অনন্ত—এই দীর্ঘ কাহিনির যোগসূত্রকে শিল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে মণ্ডপসজ্জার প্রতিটি পরতে। কোথাও যুদ্ধের আবহ, কোথাও মহাকাব্যের গুরুত্বপূর্ণ চরিত্র, আবার কোথাও ফুটে উঠেছে মহাভারতের নানা তাৎপর্যপূর্ণ মুহূর্ত।
মণ্ডপশিল্পী সম্রাট ভট্টাচার্য জানান, মহাভারতের এই বিশাল প্রেক্ষাপটকে এক ভিন্ন মাত্রায় নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই তাঁদের মূল উদ্দেশ্য। শিল্পের মাধ্যমে মহাভারতের বিভিন্ন অধ্যায় ও তার অন্তর্নিহিত ভাবনাকে দর্শনার্থীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
অন্যদিকে, পুজো উদ্যোক্তাদের কথায়, প্রায় তিন শতাব্দীর ঐতিহ্যবাহী এই পুজোয় এ বছর মহাভারতের এক অন্যরকম প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। মণ্ডপসজ্জায় স্থান পেয়েছে কৃষ্ণ থেকে শুরু করে ভীষ্ম পিতামহের মতো মহাভারতের গুরুত্বপূর্ণ চরিত্র। বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে শরশয্যায় শায়িত ভীষ্ম পিতামহের দৃশ্য, যা মহাভারতের এক স্মরণীয় অধ্যায়কে দর্শনার্থীদের সামনে জীবন্ত করে তুলেছে।
এই পুজোর জগদ্ধাত্রী প্রতিমা ‘বুড়ি মা’ নামেও পরিচিত। দীর্ঘদিনের ঐতিহ্য, ভক্তি ও আবেগকে সঙ্গে নিয়ে আদি হালদারপাড়ার এই পুজো আজও চন্দননগরের মানুষের কাছে এক বিশেষ আকর্ষণ। আর এ বছর ‘অক্ষৌহিনী’ ভাবনার মধ্য দিয়ে মহাভারতের মহাকাব্যিক কাহিনি ও ইতিহাসকে মণ্ডপসজ্জায় তুলে ধরে দর্শনার্থীদের জন্য এক নতুন অভিজ্ঞতার আয়োজন করেছেন উদ্যোক্তারা।